ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অন্তরীণ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জেলকোড অনুযায়ী টেলিফোনে ছেলে মেয়ে ও আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে পারেন বলে দাবি করেছেন তার আইনজীবী। হাসিনাকে এ সুযোগ দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে অনুরোধও জানানো হয়েছে।
শনিবার বিকেলে হাসিনার আইনজীবী ব্যরিস্টার তৌফিক নেওয়াজ বিশেষ কারাগারে তার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, "জেলকোডে বলা আছে- যে কোনো কারাবন্দি ফোনে আত্মীয়দের সঙ্গে কথা বলতে পারবেন। আমরা এ বিষয়টি মৌখিকভাবে কারা কর্তৃপক্ষকে জানিয়েছি।"
কারাগারে হাসিনার সঙ্গে তার আলোচনার বিষয়বস্তু জানাতে অস্বীকার করে তৌফিক নেওয়াজ বলেন, "আমার সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রীর সম্পর্ক উকিল ও মক্কেলের। যেসব কথাবার্তা হয়েছে তার বেশিরভাগই গোপনীয়। সেগুলো বলা যাবে না।"
দায়ের হওয়া বিভিন্ন মামলা নিয়ে হাসিনার সঙ্গে কথা বলার জন্য আইনজীবীদের আরও বেশি সময় দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তৌফিক নেওয়াজ বলেন, "সংবিধান ও আইন অনুযায়ী যেসব অধিকার পাওয়ার কথা, বিশেষ কারাগারে তা দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এখন অনেক কিছুই হচ্ছে যা সংবিধান সম্মত নয়। যে প্রক্রিয়া চলছে তাতে অনেক রকম ত্র"টি রয়েছে।"
অলোচনার সময় শেখ হাসিনা তার আইনজীবীকে জানান, তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচএস/এসএনডি/এমএ/১৮১২ ঘ.
bdnews24