২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে দেখা করলেন পুত্রবধূ জোবাইদা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বিশেষ কারাগারে দেখা করেছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। বৃহস্পতিবার বিকেলে সংসদভবন চত্বরের বিশেষ কারাগারে গিয়ে তিনি শাশুড়ির সঙ্গে দেখা করেন। গত সোমবার ভোরে গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম খালেদা জিয়ার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হলো। উপমহা-কারাপরিদর্শক মেজর শামছুল হায়দার ছিদ্দিকী জানান, জোবাইদা রহমান শাশুড়ির সঙ্গে ৩০ থেকে ৩৫ মিনিট কথা বলেছেন। তার নিয়ে যাওয়া বিস্কুট-চানাচুরসহ কিছু শুকনো খাবার খালেদা জিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 02:48 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বিশেষ কারাগারে দেখা করেছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। বৃহস্পতিবার বিকেলে সংসদভবন চত্বরের বিশেষ কারাগারে গিয়ে তিনি শাশুড়ির সঙ্গে দেখা করেন। গত সোমবার ভোরে গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম খালেদা জিয়ার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হলো। উপমহা-কারাপরিদর্শক মেজর শামছুল হায়দার ছিদ্দিকী জানান, জোবাইদা রহমান শাশুড়ির সঙ্গে ৩০ থেকে ৩৫ মিনিট কথা বলেছেন। তার নিয়ে যাওয়া বিস্কুট-চানাচুরসহ কিছু শুকনো খাবার খালেদা জিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জোবাইদা রহমান বিকেল ৪টা ৫৫ মিনিটে একটি মেরুন রঙের মাইক্রোবাসে চড়ে বিশেষ কারাগারে যান। এসময় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথিও তার সঙ্গে ছিলেন। নিরাপত্তা ব্যারিকেডের সামনে তাদের গাড়ি থামানো হয়। সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে জোবাইদা রহমানকে বিশেষ কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়। কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানের কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি না থাকায় তিনি নিরাপত্তা ব্যারিকেডের সামনে গাড়িতে অপেক্ষা করেন। শাশুড়ির সঙ্গে দেখা করে বিকেল ৬টা ৫ মিনিটে কারাগার থেকে বেরিয়ে আসেন জোবাইদা রহমান। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি। তারা চলে যাওয়ার পর মেজর শামছুল হায়দার ছিদ্দিকী সাংবাদিকদের বলেন, "জোবাইদা রহমানকে কারাবিধি অনুযায়ী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছে। এটা ছিল সাধারণ সাক্ষাৎ।" ৬০ গজ দূরত্বে দুটি বিশেষ কারাগারে অবস্থানকারী শেখ হাসিনা ও খালেদা জিয়া পরস্পরের সঙ্গে দেখা করতে চাইলে অনুমতি পাবেন কি না জানতে চাইলে তিনি বলেন, "তারা দেখা করতে পারবেন না। তবে চাইলে চিঠির মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।" তিনি জানান, এ পর্যন্ত তিনজন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন। এর মধ্যে জোবাইদা রহমান বৃহস্পতিবার দেখা করলেন। তার আরেক পুত্রবধূ শর্মিলা রহমান ও আইনজীবী আহমেদ আজম খান শুক্র ও শনিবারের মধ্যে যে কোনও সময় দেখা করবেন। খালেদা জিয়া এখনও ওকালতনামায় স্বাক্ষর করেননি বলে জানান তিনি। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অবস্থা সম্পর্কে তিনি বলেন, "কোকো ভাল আছেন। সেন্ট্রা ল হাসপাতালে তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়েছে। অবস্থা ততোটা গুরুতর নয় বলে তাকে কেন্দ্রীয় কারাগারেই রাখা হয়েছে। তার রক্তচাপ এখন ১১৫/৭৫। তিনি শুধু বুকে একটু ব্যাথা অনুভব করছেন।" সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপ মহা-কারাপরিদর্শক জানান, খালেদা জিয়া তার দুই ছেলের অবস্থা সম্পর্কে এখনও কিছু জানতে চাননি। তিনি বলেন, "খালেদা জিয়া এখন পত্রিকা পড়ে আর টিভি দেখে সময় কাটাচ্ছেন। আজ (বৃহস্পতিবার) সকালে পেঁপে, রুটি ও ডিমের সাদা অংশ দিয়ে নাস্তা করেছেন। তারপর বিশ্রাম নিয়েছেন। দুপুরে নামাজ পড়ে ভাত খেয়েছেন। বিকেলে আসরের নামাজ পড়ে চা-নাস্তা করেছেন।" তিনি বলেন, "আমাদের সুবিধার জন্যই দুই নেত্রীর খাবার একসঙ্গে রান্না করা হচ্ছে।" এর আগে দুপুর পৌনে ১২টার দিকে লক্ষীপুর ও চাঁদপুরের সাবেক মহিলা সাংসদ সায়মন বেগম ও রাশেদা বেগম হীরা খালেদা জিয়ার জন্য একটি কোরান শরীফ, তসবি ও তিনখণ্ডের নিয়ামুল কোরান নিয়ে বিশেষ কারাগারে যান। কারা ফটকে নিরাপত্তার দায়িত্বে থাকা হাবিলদার মোতালেব আব্দুল সেগুলো গ্রহণ করে ভেতরে পাঠানোর ব্যবস্থা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২০১৩ ঘ.