সিলেট, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, প্রবাসীদের অবশ্যই ভোটার করা হবে। এ বিষয়ে কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনী আইন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সিলেটে এক মতবিনিময় সভায় তিনি এক কথা বলেন।
সিলেটে ছবিসহ ভোটার তালিকা তৈরির কার্যক্রম শুরু করা উপলক্ষে জেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয় এ মতবিনিময় সভার আয়োজন করে। জেলা পরিষদ মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হারুন - উর - রশীদ খান।
নির্বাচন কমিশনার বলেন, "তারা (প্রবাসীরা) এ দেশের সম্পদ। তাই তাদের ভোটাধিকার দেওয়ার বিষয়ে কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।"
তিনি জানান, নির্বাচনী আইনের সংস্কার বিষয়ে আগামী ১২ সেপ্টেম্বর থেকে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে। এর পরেই প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কমিশন।
ছহুল হোসাইন বলেন, "ভোটার তালিকা তৈরির এক বিরাট কর্মযজ্ঞ শুরু হয়েছে। আগের তালিকায় এক কোটি ২২ লাখ ভূয়া ভোটার ছিল। ২২ জানুয়ারি নির্বাচন হলে ভূয়া ভোট পড়তো।"
এখন ছবিসহ ভোটার তালিকা করায় কারচুপির আর কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
ভোটারদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিষয়টিও তিনি মনে করিয়ে দেন। তিনি জানান, পরিচয়পত্র ব্যবহার করে ২২ টি নাগরিক সেবা ভোগ করা যাবে।
ছহুল হোসাইন জানান, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে সিলেট জেলায় ভোটার তালিকা তৈরির কার্যক্রম শুরু হবে। এ সম্পর্কিত প্রশিক্ষণ হবে ২ অক্টোবর। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ শুরু হবে ৪ অক্টোবর। ২০ অক্টোবর সিলেট সদরে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি তোলা শুরু হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বিআর/এমএসবি/১৯৪৬ ঘ.
bdnews24