ঢাকা, ০৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিবন্ধনের শর্ত পূরণ করতে পারলে যে কোনো নতুন রাজনৈতিক দল বা উপদল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করতে পারবে।
বিএনপির মহাসচিব পদ থেকে আব্দুল মান্নান ভূঁইয়াকে বহিষ্কার এবং পরে এ নিয়ে দলের ভাঙন পরিস্থিতির প্রেক্ষাপটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার এ কথা জানান।
নিজ কার্যালয়ে দুপুরে তিনি বলেন, "ভাঙাগড়া সব দলে সবসময়ই হয়েছে। এটা আমাদের দেখার বিষয় নয়। নির্বাচনী সংস্কার আইন নিয়ে কমিশন মূল দলগুলোর সঙ্গেই আলোচনায় বসবে।" (বিস্তারিত)
মান্নান ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির কোনো গ্র"পের সঙ্গে কমিশন আলোচনা করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ বিষয়টি নিয়ে আমরা কমিশনাররা বসব। সেখানে নির্বাচনী আইন-কানুন ও রাজনৈতিক দলের গঠনতন্ত্র নিয়ে আলোচনার পর একটি সিদ্ধান্ত নেওয়া হবে।"
জাতীয় পার্টির বিভিন্ন গ্র"পের উদাহরণ দিয়ে তিনি বলেন, নিবন্ধনের শর্তপূরণ করায় তাদের সঙ্গে নির্বাচনী সংস্কার আইন নিয়ে আলোচনা করবে কমিশন।
১২ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনায় বসার আগে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলে আশা প্রকাশ করেন এম সাখাওয়াত হোসেন।
কমিশনার আরো জানান, তিনটি শর্তের যে কোনো একটি পূরণ করছে, এমন রাজনৈতিক দলকে তারা আলোচনায় ডাকছেন। এই শর্তগুলো হচ্ছে: অষ্টম জাতীয় সংসদ পর্যন্ত যে কোনো একটি সংসদে নূন্যতম একটি আসন থাকা বা সর্বশেষ সংসদ নির্বাচনে নূন্যতম ২ শতাংশ ভোট পাওয়া অথবা ৩২টি জেলা সদরে দপ্তর, জেলা সদরে ১ হাজার ও উপজেলা পর্যায়ে ২০০ সদস্য থাকা। এই তিনটির যে কোনো একটি
শর্ত পূরণ করে উপদল বা নতুন দলও কমিশনের সঙ্গে আলোচনায় বসতে পারবে।
বিগত নির্বাচন কমিশনের মতো বর্তমান কমিশন বহুসংখ্যক দলের সঙ্গে মহাসংলাপ করতে রাজী নয় বলেও তিনি মন্তব্য করেন।
প্রসঙ্গত, সংস্কার মূলক নির্বাচনী আইন নিয়ে আলোচনার জন্য কমিশন বাংলা বর্ণানুক্রমে ১৫ টি রাজনৈতিক দলকে আলোচনায় বসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। আলোচ্যসূচি অনুযায়ী, কমিশন ২২ নভেম্বর বিএনপির সঙ্গে আলোচনায় বসছে। আর আওয়ামী লীগের সঙ্গে তাদের আলোচনা করার কথা ৪ নভেম্বর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/এসএনডি/এমএ/১৫৩৫ঘ.
bdnews24