নোয়াখালী, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে যুবদল সভাপতি বরকত উল্যা বুলুর বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় একটি মামলা হয়েছে।
সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কামাল পাশা গত ২৮ আগস্ট সন্ধ্যায় মামলাটি দায়ের করেন। সোমবার রাতে পুলিশ মামলাটি নথিভুক্ত করে।
চাঁদাবাজির এ মামলায় মোট ৯ জনকে আসামি করা হয়েছে। বুলু ছাড়া বাকিরা হচ্ছেন- নাটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন স্বপন, তার ভাগ্নে টিপু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাকায়েত উল্যা সাকু, বিএনপি নেতা শাহজালাল, ফরিদ উদ্দিন, বাবুল, রিপন ও ফকিরা।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০২ সালে বুলুসহ অভিযুক্তরা কামাল পাশার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা বাদীকে মারধর করে গুরুতর জখম করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ভূঁইয়া জানান, বাদীর অভিযোগে প্রথমে তথ্য ঘাটতি ছিল। তিনি সংশোধিত আকারে নতুন করে অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করা হয়। তদন্ত করার পর মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২১২৯ ঘ.
bdnews24