ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপি মহাসচিবের পদ থেকে তাকে বরখাস্ত ও দল থেকে বহিষ্কার করে খালেদা জিয়ার দেওয়া আদেশ প্রত্যাখ্যান করেছেন আব্দুল মান্নান ভূঁইয়া।
সোমবার বিকেলে গুলশানের বাসায় দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে চেয়ারপার্সনের সিদ্ধান্ত নাকচ করে দিয়ে তিনি বলেন, "এ ঘোষণা অগণতান্ত্রিক, অগঠনতান্ত্রিক ও অগ্রহণযোগ্য।"
তিনি বহিষ্কারাদেশসহ যে কোনো অগণতান্ত্রিক পদক্ষেপে বিভ্রান্ত না হয়ে এই সঙ্কটময় মুহূর্তে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মান্নান ভূঁইয়ার বক্তব্য সমর্থন করে দলের নির্বাহী কমিটির ১৩০ জন নেতাও বিবৃতি দিয়েছেন।
সংক্ষিপ্ত লিখিত বিবৃতিতে মান্নান ভূঁইয়া বলেন, "১১ জানুয়ারির ঐতিহাসিক পট পরিবর্তনের আগে বিএনপির ভাবমূর্তি যেভাবে কলুষিত হয়েছিল সেই অবস্থা থেকে দলকে পুনর্গঠিত করতে আমরা প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিয়েছি। এ উদ্যোগে দলের সৎ ও ত্যাগী নেতাকর্মীর পাশাপাশি দেশের জনগণ সমর্থন জানিয়েছে। কিন্তু দল যখন বিপর্যয়ের মুখে পড়েছে তখন কিছু কিছু ঐক্য বিনষ্টকারী পদক্ষেপ আমাদের শঙ্কিত করে। আজকের এই বহিষ্কারের ঘোষণা তারই বহিঃপ্রকাশ।"
বিবৃতিতে তিনি দলের যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনের বিরুদ্ধে চেয়ারপার্সনের নেওয়া পদক্ষেপও প্রত্যাখ্যান করেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মান্নান ভূঁইয়া দাবি করেন, তিনি বিএনপিতেই আছেন,নতুন দল করার কোনো চিন্তা নেই।
তিনি বলেন, কোনো কারণ দর্শাও নোটিশ না দিয়ে দলের মহাসচিবকে বহিষ্কারের যে সিদ্ধান্ত চেয়ারপার্সন নিয়েছেন তা নজিরবিহীন।
দলের নেতাকর্মীরা এ সিদ্ধান্ত মানবে না দাবি করে তিনি বলেন, "দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।"
এক প্রশ্নের জবাবে মান্নান ভূঁইয়া দলের চেয়ারপার্সনকে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে মামলাকে দুঃখজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর সমাধান হবে।
ঘরোয়া রাজনীতি চালু না হলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা সম্ভব নয় বলেও তিনি জানান।
পরে দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান নির্বাহী কমিটির ১৩০ জন নেতার যুক্ত বিবৃতি পড়ে শোনান।
বিবৃতিতে বলা হয়, "বিএনপি যখন গভীর সঙ্কটের মুখে, তখন মহাসচিব ও যুগ্ম মহাসচিবকে বহিষ্কারের মধ্য দিয়ে খালেদা জিয়া নিজেই দলকে দ্বিধাবিভক্তির দিকে ঠেলে দিয়েছেন।"
চেয়ারপার্সনের এ সিদ্ধান্তকে 'অপরিণামদর্শী' মন্তব্য করে দেয়া বিবৃতিতে নেতাকর্মীদের ঐক্য বজায় রেখে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।
এর আগে দুপুরে মান্নান ভূঁইয়ার বাসায় দলের সিনিয়র নেতা মাহবুবুর রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, হাফিজ উদ্দিন আহম্মেদ, এ এইচ এম মোফাজ্জল করিম, আশরাফ হোসেন, জেড এ খান, নজির হোসেনসহ অর্ধশতাধিক নেতা বৈঠক করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচএস/এসএনডি/এসএইচ/এসি/ ১৭২৮ ঘ.
bdnews24