ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অবৈধ অস্ত্র রাখার অভিযোগে দায়ের করা মামলা বাতিলের জন্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও বিচারপতি এএফএম আবদুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাবরের আবেদনের ওপর উভয়পক্ষের পূর্ণাঙ্গ শুনানি গ্রহণ করে এই রায় দেন।
হাইকোর্টের এই রায়ের ফলে নিম্ন আদালতে বাবরের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার কার্যক্রম যথারীতি চলবে বলে সরকার পক্ষের সহকারি অ্যাটর্নি জেনারেল মো. মামুনুর রশিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান।
বিএনপি নেতা বাবরকে গত ২৮ মে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। অবৈধ ১টি রিভলবার ও গুলি রাখার অভিযোগে গত ৩ জুন গুলশান থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ মামলায় গত ২৫ জুলাই অভিযোগ গঠন করে নিম্ন আদালত। ওই তারিখে এ মামলার অভিযোগ থেকে অব্যাহতির জন্য নিম্ন আদালতে আবেদন জানান বাবর। তবে আদালত তার এ আবেদন ওইদিনই খারিজ করে দেয়।
নিম্ন আদালতের ওই আদেশের বিরুদ্ধে বাবর হাইকোর্টে আবেদন করেন। আবেদনে তিনি অস্ত্র মামলাটি বাতিলের প্রার্থনা জানান। তার পক্ষে আবেদনটির ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক।
সরকার পক্ষে বাবরের আবেদনের বিরোধিতা করে বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ। তাকে শুনানিতে সহায়তা করেন সহকারি অ্যাটর্নি জেনারেল মো. সফিকুল আলম ও মো. মামুনুর রশিদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএইচ/১৪৪৪ ঘ.
bdnews24