ঢাকা, ৩১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শেখ হাসিনাকে মুক্ত করার জন্যই আওয়ামী লীগের নির্বাচনমুখী হওয়া উচিত বলে মনে করেন দলের সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমু।
শুক্রবার ইস্কাটনে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, "শেখ হাসিনার মুক্তির জন্যই আওয়ামী লীগকে ক্ষমতায় যেতে হবে। আর, ক্ষমতায় যাওয়ার পথই হলো নির্বাচন। এজন্যই নির্বাচনের প্রক্রিয়ায় যেতে হবে।"
'শেখ হাসিনা মুক্ত না হলে আওয়ামী লীগ কোনো রকম আলোচনায় যাবে না' - দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের এরকম বক্তব্যকে আবেগের কথা হিসাবে আখ্যায়িত করে আমু বলেন, "আমাদের বাস্তবতা মেনেই চলতে হবে।" দলের সভানেত্রী মুক্ত না হওয়া পর্যন্ত আলোচনায় বসা যাবে না, এমন সিদ্ধান্ত নিলে দল হিসেবে আওয়ামী লীগ টিকে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
তবে সেই সঙ্গে তিনি বলেন, "আওয়ামী লীগ অবশ্যই ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় যাবে। এ বিষয়ে কোনো সংশয় নেই।"
তিনি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার কথা বললেও দলের ভারপ্রাপ্ত সভাপতি এ বিষয়ে এখনো কিছু বলেননি। তাই আলোচনার বিষয়ে তাদের মধ্যে দ্বিমত আছে কিনা জানতে চাইলে আমু বলেন, "আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। আমার মত আমি দিয়েছি। আমি মনে করি সব রাজনৈতিক দলের আলোচনায় যাওয়া উচিত। যাতে নির্বাচন পেছানোর দায়-দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর না আসে।" বৃহস্পতিবার দুপুরে জিল্লুর রহমানের সঙ্গে তার দেখা করাকে সৌজন্য সাক্ষাত উল্লেখ করেন তিনি।
নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় যাওয়ার পক্ষে যুক্তি দেখাতে গিয়ে সংস্কারপন্থী হিসেবে পরিচিত এই নেতা বলেন, "আমাদের আন্দোলনের দাবিতেই নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে। তাহলে আমরা কেনো তাদের সঙ্গে আলোচনায় যাবো না ?"
গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় আমু বলেছিলেন, জামাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। জামাতের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে জানতে চাইলে শুক্রবার তিনি বলেন, "তাদের লুটপাটের বিষয়ে সবাই জানে। নারী নির্যাতনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাও আছে। তারা জঙ্গিদের মদদ দিয়েছে। এ সব কিছুই জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এ সবের সঙ্গে তাদের সম্পৃক্ততা স্পষ্ট।" আমু বলেন, "নিজামী মন্ত্রী থাকা অবস্থায় চট্টগ্রাম বন্দরে অস্ত্র খালাস হয়েছে। এ অভিযোগে তিনি অভিযুক্ত।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচ/১৪২৫ ঘ.
bdnews24