ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে রাজধানীর ৫৮ নম্বর (হাজারীবাগ) ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা মজিবুর রহমান মজুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে তাকে ধানমন্ডি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ধানমন্ডি থানার কর্তব্যরত উপ-পরিদর্শক শিউলী খানম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, যৌথবাহিনীর সদস্যরা বিকেল পাঁচটায় মজুকে ধানমন্ডি থানায় সোপর্দ করেছে। তাকে কখন বা কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা নেই।
ধানমন্ডি থানার দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা উপ-পরিদর্শক জুলফিকার আলী সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "২১ ও ২২ আগস্ট ধানমন্ডি এলাকায় জরুরি অবস্থা ভঙ্গ করে ভাংচুর ও অরাজকতা সৃষ্টির পেছনে ইন্ধন জোগানোর অভিযোগে মজুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জরুরি ক্ষমতা আইন ভঙ্গের অভিযোগে ধানমন্ডি থানায় দায়ের করা দুটি মামলায় আপাতত গ্রেপ্তার দেখানো হবে। পরে তদন্ত শেষে আর কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসএনডি/এমএইচবি/২২৫৭ ঘ.
bdnews24