২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার তিন মামলার শুনানি শেষ, আদেশ কাল

দু'টি চাঁদাবাজির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামিন ও সম্পত্তির হিসাব চেয়ে দুদক নোটিশ স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিলের শুনানি সুপ্রিমকোর্টে শেষ হয়েছে। সোমবার তিনটি লিভ টু আপিলের ওপর রায় দেয়ার দিন ধার্য করা হয়েছে। এছাড়া এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর জামিনের হাইকোর্ট আদেশের বিরুদ্ধেও সরকারের লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এর ওপরও সোমবার রায় দেবে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 05:53 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দু'টি চাঁদাবাজির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামিন ও সম্পত্তির হিসাব চেয়ে দুদক নোটিশ স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিলের শুনানি সুপ্রিমকোর্টে শেষ হয়েছে। সোমবার তিনটি লিভ টু আপিলের ওপর রায় দেয়ার দিন ধার্য করা হয়েছে। এছাড়া এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর জামিনের হাইকোর্ট আদেশের বিরুদ্ধেও সরকারের লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এর ওপরও সোমবার রায় দেবে আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই চারটি লিভ টু আপিলের ওপর উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে রায়ের এ দিন ধার্য করেন। শুনানিতে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, শেখ হাসিনার জামিনের বিরুদ্ধে লিভ টু আপিলের ওপর সরকার পক্ষের বক্তব্য শেষ হয়েছে। আদালত তখন বলেন, বিষয়টি নিয়ে শেখ হাসিনার কৌসুলির যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়নি। এ পর্যায়ে ব্যারিস্টার রফিকুল হক সরকার তাড়াহুড়ো করে লিভ টু আপিল দায়ের করেছে মন্তব্য করে বলেন, এত তাড়াহুড়োর কোন প্রয়োজন ছিলনা। বিষয়টি হাইকোর্টেই নিস্পত্তি হতে পারে। আপিল বিভাগের এ পর্যায়ে হস্তক্ষেপ করা সমীচীন নয়। তারপর দুদকের নোটিশ স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, গত ১৭ জুলাই শেখ হাসিনার কাছে দুদক নোটিশ পাঠায়। তিনি হিসাব জমা দেওয়ার জন্য সময় চাইলে দুদক সময় দেয়। কিন্তু সময়সীমা শেষ হওয়ার দুইদিন আগে নোটিশের কার্যকারিতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। ব্যারিস্টার রফিক বলেন, শেখ হাসিনাকে গ্রেপ্তারের একদিন পর ১৭ জুলাই দুদক আইনের পদ্ধতি অনুসরণ না করেই বেআইনীভাবে নোটিশ পাঠানো হয়। এ বিষয়েও হাইকোর্টেই নিস্পত্তি হতে পারে। এরপর আদালত আব্দুল আউয়াল মিন্টুর বিষয়টিতে শুনানি গ্রহণ করে রায়ের দিন ধার্য করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৬৪৩ ঘ.