২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনজিওদের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করলেন নির্বাচন কমিশনার

ইলেকশন ওয়ার্কিং গ্র"পের নামে ৩৫টি এনজিও বিদেশ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 11:51 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

সাভার, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইলেকশন ওয়ার্কিং গ্র"পের নামে ৩৫টি এনজিও বিদেশ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন। তিনি বলেন, "বাংলাদেশের ৩৫টি এনজিও 'ইলেকশন ওয়ার্কিং গ্র"প' এর ব্যানারে নির্বাচনের নাম করে বিদেশ থেকে কোটি কোটি টাকা আনছে। সব টাকা নির্বাচনের কাজে ব্যয় করা হবে বলে তাদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছিল। কিন্তু তারা কিছুই করছে না। শুধু বড় বড় কথাই বলে।" শনিবার সকালে সাভারে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কেন্দ্র পরিদর্শনে এসে পৌর মিলনায়তনে এক মতবিনিময় সভায় সাখাওয়াত হোসেন এ কথা বলেন। এ সময় অপর নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন, ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা মমিন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ, সাভার সেনা ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান, সাভার পৌর চেয়ারম্যান মো. রেফাত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। সাখাওয়াত হোসেন বলেন, "রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনসহ ১৩টি পৌরসভায় কাজ চলছে। আমরা জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি। আগে ভোটার তালিকা তৈরি হতো আমলাতান্ত্রিকভাবে। নতুন নিয়মে একজন ভোটার এক জায়গায়ই ভোটার হতে পারবেন।" তিনি আরো বলেন নির্বাচনী সংস্কার আইন নিয়ে কমিশন সেপ্টেম্বরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে। নির্ভুল ভোটার তালিকায় কমিশন আগামী ২০০৮ সালের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অপর নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, "ছবিসহ ভোটার তালিকা করতে পারলে কোনো জালিয়াতি হবে না। আমরা এ বিষয়গুলো নিয়ে বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেছি। নির্বাচনে যে কোনো জাল-জালিয়াতি বন্ধ করতে হবে। ভোটার হওয়ার জন্য সবাইকে উদ্ধুদ্ধ করতে হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বিআর/এমআই/এসকে/১৭৪২ ঘ.