ঢাকা, আগস্ট ২৪(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি তারেক জিয়ার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আজিজুল বারী হেলালকে গোয়েন্দা পুলিশ শুক্রবার সকালে আটক করেছে। রাজধানীর মগবাজারের ৮/১ নিউ সার্কুলার রোডের বাসা থেকে পুলিশ তাকে আটক করে।
হেলালের স্ত্রী বুশরা হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার স্বামীকে ডিবি পুলিশ পৌনে সাতটায় জিজ্ঞাসাবাদের কথা বলে নিয়ে গেছে। সাদা পোশাকের পুলিশ সদস্যরা গ্রেপ্তারের কোনো কাগজপত্র দেখায়নি।'' বুশরা জানান, তার স্বামী এখন মিন্টো রোডের গোয়েন্দা দপ্তরে আছেন বলে তিনি জানতে পেরেছেন।
প্রসঙ্গত, বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব তারেক রহমানের হাতে ছাত্র দলের যে নতুন নেতৃত্ব তৈরি হয়েছিল, সেই কমিটির সভাপতি ছিলেন আজীজুল বারী হেলাল। মেয়াদ পেরুনোর পরও ওই কমিটি বহাল রয়েছে। কমিটির সাধারণ সম্পাদক হচ্ছেন শফিউল বারী বাবু। ২০০৫ সালে গঠিত কমিটিতে হেলালকে সভাপতি করা হয়।
উল্লেখ্য, বাতিল হয়ে যাওয়া ২২ জানুয়ারির সংসদ নির্বাচনে খুলনা -৪ আসনে হেলালকে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১১২২ ঘ.
bdnews24