যশোর, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে যশোরে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।
যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার সকালে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "সবার সঙ্গে আলোচনা করেই নির্বাচন করা হবে। সেপ্টেম্বরের মধ্যে ঘরোয়া রাজনীতি চালুর ব্যাপারে আমি আশাবাদী।"
সভার সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মো. আবুয়াল হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ২০০৮ সালে জাতির কাছে এমন একটি নির্বাচন উপহার দিতে চাই যা যুগ যুগ জাতির কাছে মাইলফলক হিসেবে চিহ্নত হবে।
তিনি বলেন, "জাতির বৃহত্তর স্বার্থে জাতীয় পরিচয়পত্র দরকার। এতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হবে।"
একজন ব্যক্তি তার সুবিধামত স্থান থেকে ভোটার হতে পারবে জানিয়ে তিনি বলেন, "তবে কেউ দুটি এলাকার ভোটার হলে তার জন্য শাস্তির বিধান আছে।"
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ১০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার কর্নেল স ম গোলাম আম্বিয়া, পুলিশ সুপার ইকবাল বাহার ও আটটি উপজেলার নির্বাচন কর্মকর্তা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/১৮২২ ঘ.
bdnews24