কুষ্টিয়া প্রতিনিধি,আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় নিহতদের মধ্যে ছিলেন কুষ্টিয়ার মাহবুব। ফুলবাড়িয়া গ্রামের পারিবারিক কবরস্থানে চিরদিনের জন্য ঘুমিয়ে আছেন শেখ হাসিনার দেহরক্ষী মাহবুব।
মাহবুবের হঠাৎ মৃত্যুতে এলোমেলো হয়ে গেছে তার সুখের সংসার। দুই ছেলে আশিক ও রবিনের ভবিষ্যৎ ভাবনা আর চোখের জলে দিন কাটে স্ত্রী আসমার । মাহবুবের মৃত্যু বদলে দিয়েছে তার পরিবারের ১৩ জন মানুষের জীবনচিত্র।
তার মৃত্যুর বিচারের আশাও নেই তাদের কারো মনে। তাদের কথা-কার কাছে বিচার চাইবো আর বিচার করবেই বা কারা ? দুই বছরেও হামলাকারীদের খুঁজে বের করা যায়নি, আর বিচার তো দুরের কথা!
মাহবুব নিহত হওয়ার পর দুই সন্তানকে নিয়ে স্ত্রী আসমাকে ঢাকা ছাড়তে হয়েছে। ফিরে এসেছেন কুষ্টিয়া। সন্তানদের নিয়ে শহরের কোর্টপাড়া এলাকায় দুই হাজার টাকার ভাড়া করা বাসায় থাকেন। তাদের দুই সন্তান আশিকুজ্জামান আশিক ও আশরাফুল আনাম রবিন কুষ্টিয়া জিলা স্কুলের অষ্টম ও চতুর্থ শ্রেণীর ছাত্র।
আশিক ও রবিনের লেখাপড়ার খরচ মেটাতে বঙ্গবন্ধু স্মৃতি ট্রাষ্ট থেকে প্রতিমাসে দু'হাজার করে টাকা দেয়া হচ্ছে। মাহবুবের ছোট ভাই মামুন সংসারের প্রয়োজনে ভ্যান চালাতে রাস্তায় নেমেছেন। টাকার অভাবে ছোট বোন শিরিনের লেখাপড়াও যে কোন সময় বন্ধ হয়ে যাবে।
মাহবুবের বাবা হারান মোল্লা (৬৬) ছেলে হারানোর শোক আর বয়সের ভারে নুয়ে পড়েছেন। এদিক সেদিক হাটাহাটি করেন আর ছেলের ঘরে গিয়ে বসে থাকেন। মাহবুবের মা হাসিনা বেগম অধিকাংশ সময়ই শয্যাশায়ী থাকেন। নিস্পলক চোখে চেয়ে থাকেন ঘরে টানানো বঙ্গবন্ধু আর মাহবুবের ছবির দিকে ।
পাঁচ ছেলে পাঁচ মেয়ের মধ্যে মাহবুব ছিলেন দ্বিতীয়। বাবা হারান মোল্লা বললেন, ছোট বেলা থেকেই সে ছিল নিরীহ ও শান্ত প্রকৃতির। কোন বদঅভ্যাস ছিল না।
সেনাবাহিনীর ৫১ বেঙ্গলে যোগ দিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখার পুরস্কার হিসেবে সরকার ২০০০ সালে মাহবুবকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে পাঠায়। ইউনিকম মিশনে তিনি এক বছর নির্ভীক সেনা হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে ল্যান্স কর্পোরাল থাকা অবস্থায় চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন মাহবুব।
অবসর নেয়ার কিছুদিন পর বঙ্গবন্ধুভক্ত পরিবারের ছেলে মাহবুব ২০০২ সালে যোগ দেন তখনকার বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে।
এরপর থেকেই মাহবুবের ধ্যান-জ্ঞান হয়ে ওঠেন শেখ হাসিনা। আরো অনেকের মতোই তাকে আপা বলে ডাকতেন মাহবুব । ব্যবহার আর দায়িত্বশীলতার কারণে মাহবুব নেত্রীর খুবই আস্থাভাজন হয়ে পড়েন । মাহবুবের মা হাসিনা বেগম বলেন, "ও বলতো, 'মা দেখো, নিজের জীবন দিয়ে হলেও নেত্রীকে রক্ষা করবো'। ছেলে আমার কথা রেখেছে।"
স্ত্রী আসমা বললেন, ঢাকার বাসাতেও খুবই কম সময় থাকতো মাহবুব। খাওয়া হলেই ছুটতো সুধা সদনের দিকে। বলতো ওখানে গিয়েই বিশ্রাম করি।
২১ শে আগস্টের কথা বলতে গিয়ে আসমা বারবার কান্নায় ভেঙে পড়েন। বলেন, "দুপুরে খাবার খেতে এসে ওইদিন খূব তাড়াহুড়ো করেছিল ও। বলেছিল, আজ আপার একটা বড় প্রোগ্রাম আছে। এক্ষুণি যেতে হবে। খাবার খেয়ে দুইটার দিকে বাড়ি থেকে বের হয়। এর আগে বড় ছেলের স্কুলের পড়া দেখিয়ে দেয় বলেছিল রাতে বাড়ি ফিরে পড়া ধরবো। কিন্তু আর ফেরা হয়নি তার।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩০০/ঘ.
bdnews24