২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেখা হলেই বলতেন, "নেন চাচা আদা খান"

আওয়ামী লীগের অন্ধ সমর্থক 'আদা চাচা'কে কেউ কোনো দিন মুখে হাসি ছাড়া দেখেছেন তা বলতে পারবেন না। পাঞ্জাবী-পায়জামা, হাতে কাঠের বাটওয়ালা ছাতি, মুখে পান আর মাথায় টুপি। দেখা হলেই বলতেন, "নেন চাচা আদা খান।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 03:24 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, ২১ আগষ্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের অন্ধ সমর্থক 'আদা চাচা'কে কেউ কোনো দিন মুখে হাসি ছাড়া দেখেছেন তা বলতে পারবেন না। পাঞ্জাবী-পায়জামা, হাতে কাঠের বাটওয়ালা ছাতি, মুখে পান আর মাথায় টুপি। দেখা হলেই বলতেন, "নেন চাচা আদা খান।" আদা চাচার হাতে সবসময় থাকতো একটা ফটোগ্রাফিক ফিল্মের কৌটা। তার মধ্যে থাকতো শুকনো ছেঁচা আদা । শুধু সাংবাদিক নয়, শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কোনো নেতা বাদ নেই যিনি তার আদা ছেঁচা খাননি। ২১ আগস্টের অন্যতম বলি আওয়ামী লীগের একনিষ্ঠ ভক্ত সবার প্রিয় আদা চাচার কাহিনী শুনিয়েছেন সিনিয়র প্রতিবেদক সুমন মাহবুব। জনসভায় সাংবাদিকদের জন্য নির্ধারিত জায়গা থেকে বসেই দেখা যেতো শেখ হাসিনা আদা চাচাকে ডেকে নিয়ে তার কাছ থেকে আদা খাচ্ছেন। কখনো দলের বৈঠক চলছে, শেখ হাসিনার ব্যক্তিগত কর্মচারিদের কেউ হন্তদন্ত হয়ে 'আদা চাচাকে' খুজে বের করে আদা চাইলেন। পরে জানা যেতো দলীয় নেত্রীই ঐ কর্মচারিকে পাঠিয়েছিলেন 'আদা চাচার' কাছ থেকে আদা নিয়ে যাওয়ার জন্য। ২১ আগস্টও 'আদা চাচা' আমাদেরকে আদা খাওয়ালেন। কয়েকজনের হাতে গুজে দিলেন তার গাছের পেয়ারাও। কয়েক মিনিট পরেই সেই মানুষটি স্মৃতি হয়ে গেলেন। গ্রেনেড হামলার পর রমনা ভবনের একটা দোকানের সামনে দেখতে পেলাম আদা চাচার নিশ্চল দেহ। দেখে মনে হচ্ছিল, উনি যেন বসে আছেন। পরে জেনেছিলাম 'আদা চাচা' তখনো বেঁচে ছিলেন। মারা যান আরো পরে, হাসপাতালে। 'আদা চাচার' আসল নাম আমরা অনেকেই জানতে পেরেছি তার মৃত্যর পর। ওনার নাম রফিকুল ইসলাম। ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন তিনি । পুরনো ঢাকার বংশালে ছিল তার সাইকেলের যন্ত্রাংশের দোকান। পরিবারের চেয়েও তার কাছে অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতো আওয়ামী লীগ আর প্রিয় নেত্রী শেখ হাসিনা। তবে বাবার এ রকম আচরণ নিয়ে সন্তানদের তেমন কোনো অভিযোগ ছিলো না। পাঁচ ছেলে ও তিন মেয়ের সকলেই প্রায় নিজের পায়ে দাঁড়িয়ে গেছে বলে জানালেন ছেলে মাজহারুল ইসলাম মামুন । সারা বছর খোঁজ না নিলেও সংবাদকর্মীরা আগস্ট মাসের এই সময়টিতেই ছুটে যান 'আদা চাচার' মতো অনেকের পরিবারের কাছে। কেমন আছেন জানতে চাইলে 'আদা চাচার' ছেলে মামুন বললেন,"ভালো আছি। কিন্তু, আপা (শেখ হাসিনা) অ্যারেস্ট হওয়ার পর থেকে কেউ খোঁজ-খবর নেননা। আগে আপা সুধা সদন থেকে লোক পাঠাতেন আমরা কেমন আছি জানার জন্য।" 'আদা চাচার' খিলগাওয়ের সিপাহীবাগের অসমাপ্ত একতলা বাড়িটি পূবালী ব্যাংকের কাছে দায়বদ্ধ ছিলো। তিনি মারা যাওয়ার তিন মাসের মধ্যেই বাড়িটি শেখ হাসিনা ব্যাংক থেকে দায়মুক্ত করেন। ছোট ছেলে রেজাউল ইসলাম কল্লোল নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে পড়ে। ব্যয়বহুল বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কল্লোলের পড়াশুনার দায়িত্ব নিয়েছিলেন শেখ হাসিনা। মামুনের বড় ভাই সাইদুল ইসলাম চঞ্চল বাবার সাইকেল যন্ত্রাংশের দোকানে বসেন। বাবার মৃত্যুর পর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন তিনি। শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ায় ছোট ভাই মামুনের পড়াশুনায় কোনো ব্যাঘাত ঘটবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আশাকরি হবে না।" কথার একেবারে শেষের দিকে এসে মামুন বলেন,"একটু লেখেন, ২০০৪ সালের পর থেকে সরকারের পক্ষ থেকে কেউই আমাদের খোঁজ-খবর নেয়নি।" আদা চাচার পরিবারের সদস্যদের একটাই দাবি--২১ আগস্টের হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২১১৫ ঘ.