কুড়িগ্রাম, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেছে বেছে ভালো লোক নিয়েই প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন নতুন এ দলের সমন্বয়ক ফেরদৌস আহমেদ কোরেশী।
তিনি বলেছেন, "আমরা সরকারি দল নই, আমাদের দল সরকারের পেটোয়াবাহিনী হিসেবে তৈরিও হচ্ছে না। আমাদের অতীত তা বলে না। আমরা বেছে বেছে ভালো লোক নিয়েই দল গড়ছি।"
শনিবার কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চরগ্রামে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে এসে স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দলের গঠন ও কর্ম প্রক্রিয়া বিষয়ে কোরেশী জানান, প্রতিটি নির্বাচনী এলাকায় তার দলের সাংগঠনিক কমিটি থাকবে। অর্থাৎ দলের সাংগঠনিক ইউনিট হবে ৩০০টি। এছাড়া বৃহত্তর জেলাগুলোতে থাকবে সমন্বয় কমিটি।
এভাবেই দলের গঠনতন্ত্র তৈরি হচ্ছে জানিয়ে কোরেশী বলেন, "এখন তো ঘরোয়া রাজনীতিও বন্ধ। কবে তা চালু হবে তাও নিশ্চিত হওয়া যাচ্ছে না। ঘরোয়া রাজনীতি চালু হলেই এ প্রক্রিয়া শুরু হবে।"
নির্বাচনের আগে এ কাজ শেষ করা কঠিন স্বীকার করে তিনি বলেন, "তারপরও আমাদের দ্রুত কাজগুলো করতে হবে।"
বর্তমান সরকার পিডিপির কর্মকাণ্ডে সহায়তা করছে কিনা জানতে চাইলে কোরেশী বলেন, "১১ জানুয়ারির পরিবর্তনকে আমরা সমর্থন করেছি। সমর্থন করেছি বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমকেও। যেহেতু আমরা তাদের সমর্থন করেছি, তাই তারা আমাদের প্রতি সহানুভূতিশীল হবেন এ প্রত্যাশা আমরা করতেই পারি।"
ফেরদৌস আহমেদ কোরেশী সকাল ১১টার দিকে কুড়িগ্রামে আসেন। এরপর নৌকায় করে বিভিন্ন চরে গিয়ে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি। এ সময়ে কুড়িগ্রামের সাবেক সাংসদ তাজুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/জেকে/২৩০১ ঘ.
bdnews24