২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার বন্যাদুর্গত এলাকা সফরের কর্মসূচি ঘোষণা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সরকার থেকে এখনো অনুমতি না পেলেও তার বন্যা দূর্গত সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা সফরের কর্মসূচি নেয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 12:21 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৮(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সরকার থেকে এখনো অনুমতি না পেলেও তার বন্যা দূর্গত সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা সফরের কর্মসূচি নেয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে একথা জানানো হয়েছে। বুধবার বিকেলে দলীয় প্যাডে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি এই কর্মসূচির কথা জানায়। কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়া ১১ আগস্ট শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা সফর করবেন। সকাল ৭টায় বিএনপি চেয়ারপার্সন ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি থেকে সড়কপথে সিরাজগঞ্জ যাবেন। তিনি সিরাজগঞ্জের ৬টি ও টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ২টি স্থানে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করবেন। সাবেক প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব মহিউদ্দিন খান মোহন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চেয়ারপার্সনের এই সফরকালে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের জন্য তার উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ স্বরাষ্ট্র সচিব বরাবরে বুধবার একটি চিঠি পাঠিয়েছেন। এর আগে বিএনপির একজন সিনিয়র নেতাও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে খালেদা জিয়ার আগ্রহের কথা জানান। বুধবার পিআইডির সভাকক্ষে বন্যা সংক্রান্ত ব্রিফিংয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী সাংবাদিকদের বলেন, "বিএনপি নেতা হান্নান শাহ্ আমাকে টেলিফোনে জানিয়েছেন, তারা সিরাজগঞ্জ এলাকায় ত্রাণ বিতরণ করতে যেতে চান। সঙ্গে দলের চেয়ারপারসনও থাকবেন।" তপন চৌধুরী বলেন, তিনি বিএনপি নেতাদের ত্রাণকাজে দুর্গত এলাকায় যাওয়ার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। তবে এও বলেছেন, খালেদা জিয়ার ত্রাণ কাজে অংশ নেওয়ার ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না। মাঠ পর্যায়ে পরিদর্শনের বিষয়টির সঙ্গে কঠোর নিরাপত্তার বিষয় জড়িত এ কথা উল্লেখ করে হান্নান শাহকে তিনি বলেছেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহসিন সাংবাদিকদেরকে বলেন, "এ বিষয়ে এখনও মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি। পরে আলোচনা করে বিস্তারিত জানাতে পারবো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৮০৯ ঘ.