ঢাকা, আগস্ট ০৫(বিডিনিউজ টয়েন্টিফোর ডটকম)- দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের কার্যক্রমের পাশাপাশি দলীয় নেতা-কর্মী ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া।
রোববার দুপুরে গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের মাধ্যমে তিনি বলেন,''রাজনৈতিক ব্যানারে না পারলেও আপনারা নেতা-কর্মীরা বন্যার্ত মানুষের পাশে দাড়ান। তাদের অসহায় সময়ে যার যা কিছু আছে, তা নিয়ে সহযোগিতা করুন।''
মান্নান ভুঁইয়া দলের সকল সাবেক সাংসদকে নিজ নিজ এলাকায় বন্যার্তদের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন। রোববার গুলশানের বাসায় কয়েকটি জেলার সাবেক সাংসদরা দেখা করতে এলে তিনি এ নির্দেশ দেন।
সাংবাদিকদের তিনি বলেন,'' বন্যায় অনেক জেলার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মানুষজনের সবকিছু ডুবে গেছে। তাদের এই কষ্ট ও দুঃখের সময়ে আমাদের পাশে দাড়াতে হবে। জরুরী অবস্থার জন্য আমরা রাজনৈতিক ব্যানারে কিছু করতে না পারলেও নেতা-কর্মীদের বন্যার্ত মানুষের পাশে দাড়াতে হবে।''
মান্নান ভূঁইয়ার সঙ্গে রোববার সিলেট, রাজশাহী, মাদারীপুর, খুলনার সাবেক সাংসদ ও জেলা নেতারা সাক্ষাৎ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে /১৬৩১ ঘ.
bdnews24