২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিবিএ নেতা ফিরোজের দুর্নীতির মামলার রায় সোমবার

টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের (টিঅ্যান্ডটি) সিবিএ সভাপতি ফিরোজ মিয়া ও তার স্ত্রী রওশন আরার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 07:16 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগষ্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের (টিঅ্যান্ডটি) সিবিএ সভাপতি ফিরোজ মিয়া ও তার স্ত্রী রওশন আরার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে সোমবার। সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৫ এর বিচারক মো. আশরাফ হোসেন গত ২৬ জুলাই আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শোনার পর রায় ঘোষণার এ দিন ধার্য করেন। অভিযোগ প্রমাণিত হলে আসামিদের তিন থেকে তের বছরের কারাদণ্ড, অর্থদণ্ড এবং অবৈধভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। গত ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যদের একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘন্টার মধ্যে তাদের নিজের ও স্ত্রী--সন্তানদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জমা দিতে বলে। ওই তালিকায় ফিরোজ মিয়ার নামও ছিল। ২৫ ফেব্র"য়ারি ফিরোজ মিয়ার ছেলে আফজালুর রহমান তার বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব কমিশনে দাখিল করেন। দুর্নীতি দমন কমিশনে দেওয়া হিসাব বিবরণীতে ১ কোটি ৩৫ লাখ ৯৩ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে ফিরোজ মিয়া ও তার স্ত্রী রওশন আরার বিরুদ্ধে কমিশন মামলাটি দায়ের করে । ১ জুলাই বিশেষ জজ আদালতে ফিরোজ দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত ৩০ জনের সাক্ষ্য নেওয়া হয় । তবে রাষ্ট্রপক্ষের আপত্তির কারণে ফিরোজ মিয়ার ছেলেসহ তিনজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়নি। গত ১৫ জুলাই ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে আদালতের কাছে জবানবন্দি দেন ফিরোজ মিয়া। জবানবন্দিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করে তার পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়ার জন্য আদালতের কাছে নয় ব্যক্তির নাম দেন। ২২ জুলাই ছয় জন সাফাই সাক্ষ্য দেন। ফিরোজ মিয়া কারাগারে আটক থাকলেও তার স্ত্রী পলাতক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৩০২ ঘ.