সুমন মাহবুব
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "বদনাম ছড়ানোর উদ্দেশ্যেই" শেখ হাসিনার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। দেশে শৈশবে করা নিজের একটাই ব্যাংক হিসাব আছে জানিয়ে তিনি বলেছেন, "ওই হিসাবে হাজার দশেক টাকা হয়তো আছে।"
শুক্রবার রাত পৌনে ১২টায় ওয়াশিংটন থেকে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে সজীব বলেন, "ব্যাংক একাউন্ট জব্দ করার ঘটনায় আবারো প্রমাণিত হচ্ছে সরকার আসলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে লাগেনি। সরকার আমাদের পরিবারের বিরুদ্ধে লেগেছে। আমাদের বদনাম করতে চাচ্ছে।"
তার ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশে বিস্ময় প্রকাশ করে জয় বলেন "আমি ১৩ বছর বয়স থেকে দেশের বাইরে। দেশে আমার একটাই একাউন্ট আছে। দেশে থাকা অবস্থায় সেই একাউন্ট করা হয়েছিল। কোন ব্যাংকে সেই একাউন্ট এবং তার নম্বর কত তাও জানি না।"
সেই একাউন্টে হাজার দশেক টাকা থাকতে পারে জানিয়ে জয় বলেন, "সরকার যদি দেখতে চায় দেখুক আমার কী আছে, কী লেনদেন হয়েছে। আমি বিদেশে থাকি, চাকরি করি।"
তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, "এই সরকার প্রকৃত দুর্নীতিবাজদের ধরছে না। কিছু দুর্নীতিবাজকে রেখে দিয়েছে। তাদের দিয়ে নতুন দল করবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/০০২৬ ঘ.
bdnews24