বগুড়া, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় সাবেক হুইপ ও সাংসদ রেজাউল বারী ডিনা, বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ নূর আফরোজ বেগম জ্যোতিসহ পাঁচ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়েছে।
তিনটি মামলার দুটিতেই রেজাউল বারী ডিনা আসামি।
বুধবার বগুড়ার 'খ' অঞ্চল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবিরের আদালতে মামলা তিনটি করা হয়। তিন মামলার বাদি হলেন শিবগঞ্জ এমএইচ কলেজের প্রভাষক জিল্লুর রহমান, শিবগঞ্জের সিহালীর পীরব ইউনাইটেড ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল ও আদমদীঘির নসরৎপুরের চাটখইর গ্রামের লোকমান হোসেন।
জিল্লুর রহমানের দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, শিবগঞ্জ এমএইচ কলেজের অধ্যক্ষ থাকাকালে নূর আফরোজ বেগম জ্যোতি প্রভাব খাটিয়ে রেজাউল বারী ডিনার সহযোগিতায় যৌথ স্বাক্ষরের মাধ্যমে কলেজের সংরক্ষিত তহবিল থেকে ৯৪ হাজার ৪৪৩ টাকা তুলে আত্মসাৎ করেন।
আব্দুল জলিলের মামলায় বলা হয়, পীরব ইউনাইটেড ডিগ্রি কলেজের বর্তমান অধ্যক্ষ তছলিম উদ্দীন মোল্লা সাবেক হুইপ রেজাউল বারী ডিনার সহযোগিতায় বিধি লঙ্ঘন করে প্রথমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং পরবর্তীতে অধ্যক্ষ পদে নিয়োগ পান। এরপর তারা দুজনে কলেজের উন্নয়নের জন্য বরাদ্দ ২ টন চাল আত্মসাৎ করেন এবং মিথ্যা ভ্রমণবিল দেখিয়ে ২০০৫ সালের জুলাই থেকে ২০০৬ সালের মে পর্যন্ত ১৫ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া পরীক্ষার 'কেন্দ্র ফি' বাবদ পাওয়া ১৫ হাজার টাকা, উপবৃত্তির ছাত্রী বেতন ভর্তুকির ২৬ হাজার টাকাও আত্মসাৎ করেন তারা।
লোকমান হোসেন মামলার অভিযোগে বলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল ও দুপচাঁচিয়ার গোবিন্দপুর এলাকার মজিবর রহমান বাদির ভাগ্নে গোলাম মোস্তফাকে চাকরি দেওয়ার কথা বলে ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর দেড় লাখ টাকা নেন। কিন্তু চাকরি না দেওয়ায় টাকা চাইতে গেলে আসামিরা তাকে হত্যারও হুমকি দেন।
ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির মামলা তিনটি অমলে নিয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এমএইচবি/০২১১ ঘ.
bdnews24