ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় ব্যংকের সহযোগিতা না পাওয়ায় দুর্নীতি দমন কমিশনে নির্ভুলভাবে সম্পত্তির হিসাব দেওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার দুপুরে খালেদার আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান পুরানা পল্টনে নিজের চেম্বারে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "খালেদা জিয়া আগামী ৬ বা ৭ আগস্ট দুর্নীতি দমন কমিশনে সম্পদের হিসাব দেবেন।"
অ্যাডভোকেট আজম বলেন, "সাবেক প্রধানমন্ত্রী আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রী ছিলেন। তার সম্পদের হিসাব জাতি জানুক এটাই তিনি চান। এজন্য তিনি একটি নির্ভুল হিসাব দিতে ইচ্ছুক।"
অ্যাডভোকেট আজম বলেন, "খালেদা জিয়া দীর্ঘদিন প্রধানমন্ত্রী ছিলেন বলে অনেক ব্যাংক তার নামে হিসাব খুলতে আগ্রহী ছিল। এজন্য তার অজ্ঞাতে কোনো ব্যাংকে হিসাব খোলা হয়েছে কিনা তা জানতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু ব্যাংকের সহযোগিতা না পাওয়ায় খালেদা জিয়া আমাকে জানিয়েছেন নির্ভুল হিসাব দেওয়া যাবে কিনা তা নিয়ে তিনি শঙ্কিত।"
প্রসঙ্গত, সোমবার বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়ে জানায়, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে খালেদা জিয়ার হিসাব সম্পর্কিত তথ্য দেওয়া যাবে না।
আহমেদ আজম খান জানান, খালেদা জিয়ার সম্পত্তির বিবরণী তৈরির কাজ চলছে। প্রাথমিকভাবে তার স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা বলে জানা গেছে। তবে এই পরিমাণ বাড়বে কি না তা চূড়ান্তভাবে বলা যাবে আগামী ৬ আগস্ট।
তিনি জানান, খালেদা জিয়ার সম্পত্তির মধ্যে ঢাকা সেনানিবাসের শহিদ মইনুল সড়ক ও গুলশানে দুটি বাড়ি রয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর সরকার নামমাত্র দামে তাকে এগুলো বরাদ্দ দেয়। এছাড়া সাভারে জিয়াউর রহমানের কেনা ১০ শতাংশ জমি রয়েছে।
দেশের বাইরে খালেদা জিয়ার কোনো সম্পত্তি নেই বলে জানান তার আইনজীবী।
আজম খান বলেন, প্রাথমিক হিসেবে খালেদা জিয়ার নামে ১৯৮০ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত কেনা কয়েকটি সঞ্চয়পত্র ও এফডিআর রয়েছে। এগুলোর মূল্যমান প্রায় ৬৫ লাখ টাকা।
এছাড়া তার নামে তিনটি গাড়িও রয়েছে। এর মধ্যে একটি নিশান পেট্রোল গাড়ির দাম ২২ লাখ ২৪ হাজার এবং দুটি টয়োটার দাম ২৬ লাখ ৪০ হাজার টাকা। এগুলো ১৯৯১ সালের নির্বাচনের সময় তার নামে নিবন্ধন করা হয়।
খালেদা জিয়ার মইনুল সড়কের বাসায় পাঁচটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে বলেও জানান আজম খান। এগুলোর দাম ৩ লাখ ৫ হাজার টাকা। এছাড়া রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কেনা কিছু আসবাবপত্র রয়েছে যার দাম এখনও ঠিক করা হয়নি। তবে হিসাবের মধ্যে খালেদা জিয়ার টাকায় কেনা একটি খাট ও একটি ডাইনিং টেবিল রয়েছে।
আজম খান বলেন, "জাতীয় রাজস্ব বোর্ডের অপ্রদর্শিত আয় বৈধ করার কার্যক্রমের সুযোগ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ১ কোটি ৩৩ লাখ টাকার জন্য ৩৩ লাখ ৩৭ হাজার ২৫ টাকা আয়কর দিয়েছেন।"
গত ১৮ জুলাই খালেদা জিয়াকে সাত দিনের মধ্যে তার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জমা দেওয়ার জন্য চিঠি পাঠায় দুর্নীতি দমন কমিশন। পরে খালেদার আবেদনের পরিপ্রেক্ষিতে আরও সাত কর্মদিবস সময় বাড়ানো হয়। ৬ আগস্ট ওই সময়সীমা শেষ হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এসকে/এসএনডি/১৯৩০ ঘ.
bdnews24