কুমিল্লা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপির সাবেক সাংসদ জাকারিয়া তাহের সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট ও নির্বাচনী কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা করা হয়েছে।
সাবেক সেনা সদস্য মো. হোসেন আহাম্মদ পাটোয়ারী সোমবার কুমিল্লার ৫ নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করেন। বরুড়া আদ্রা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক, ডালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরীসহ ১৫ জনকে এই মামলায় আসামী করা হয়েছে
ম্যাজিস্ট্রেট বেগম শাহিন আক্তার অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বারুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৫ সালের ২৮ ও ২৯ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে তাহের সুমন ও তার সহযোগীরা বাদীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। বাদীর প্রতিদ্বন্দ্বী ছিলেন সুমনের ফুফাত ভাই ফজলুল হক। হোসেন আহাম্মদ পাটোয়ারী অভিযোগ করেন, নির্বাচনে প্রভাব খাটিয়ে সুমন তার ভাইয়ের জন্য বিজয় নিশ্চিত করেন। পরে সুমনের নেতৃত্বে তার সহযোগীরা বাদীর বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/০০৩৫ ঘ.
bdnews24