ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি শেখ হাসিনা সঠিকভাবে তার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দিতে সহযোগিতা ও পরামর্শ চেয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর কাছে চিঠি পাঠিয়েছেন।
সোমবার সন্ধ্যায় কারা উপ-মহাপরিদর্শক শামসুল হায়দার সিদ্দিকী এই চিঠি পাঠানোর বিষয়টি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করে বলেন,"এ সংক্রান্ত একটি চিঠি দুপুরেই দুর্নীতি দমন কমিশনের কাছে পাঠানো হয়েছে।"
কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হাসিনা তার চিঠিতে লিখেছেন, বিভিন্ন ব্যাংকে থাকা তার হিসাবের তালিকা বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া যায়নি। যৌথবাহিনী সুধা সধন থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল জব্দ করার কারণে তিনি সঠিক ভাবে সম্পত্তির হিসাব জমা দিতে পারছেন না।
আওয়ামী লীগ প্রধান লেখেন, "এই অবস্থায় সঠিকভাবে সম্পত্তির হিসাব জমা দেওয়ার জন্য আপনার পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।"
গত ২৫ জুলাই কারা কর্র্তৃপক্ষের মাধ্যমে দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে নিজের নামে থাকা ব্যাংক হিসাবের তালিকা চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনরকে চিঠি পাঠান শেখ হাসিনা। একইভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ব্যাংক হিসাবের তালিকা চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেন। কিন্তু 'বিষয়টি এখতিয়ার বর্হিভূত' উল্লেখ করে রোববার বাংলাদেশ ব্যাংক কর্র্তৃপক্ষ তালিকা দিতে অপারগতা প্রকাশ করে।
শেখ হাসিনাকে ও খালেদা জিয়াকে সাত দিনের মধ্যে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জমা দেওয়ার জন্য ১৭ জুলাই চিঠি পাঠায় দুর্নীতি দমন কমিশন। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে আরও সাত কর্মদিবস সময় বাড়ায় কমিশন।
গত ১৬ জুলাই থেকে একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়ে শেখ হাসিনা সংসদ ভবেনর বিশেষ কারাগারে বন্দি আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এলএইচ/পিসি/এমএইচবি/২১০২ ঘ.
bdnews24