ঢাকা,জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রতিভা পাতিলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া।
রোববার এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, প্রতিভা পাতিল ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উপমহাদেশে নারীর ক্ষমতায়নের প্রক্রিয়া আরো এক ধাপ এগিয়ে গেল।
প্রতিভা পাতিলের মেয়াদকালে ভারত-বাংলাদেশ সর্ম্পক আরো জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মান্নান ভূঁইয়া তার অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্ব প্রতিভা পাতিলের সময়কালে আরো শক্তিশালী হবে।
এছাড়া, বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন, মুক্তিযোদ্ধা পল্লী সোসাইটি, মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতি, গার্মেন্টস শ্রমিক কেন্দ্র, জাতীয় গণতান্ত্রিক লীগ, মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সংসদ আলাদা বিবৃতিতে প্রতিভা পাতিলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এসকে/জেকে/২২১০ ঘ.
bdnews24