ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে "চুপ করানোর জন্য" গ্রেপ্তার করা হয়েছে বলে মনে করেন তার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে সজীব ওয়াজেদ জয়। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআইয়ের বিরুদ্ধে কথা বলার পরপরই তার মাকে গ্রেপ্তার করার পেছনে এটাই যুক্তি হিসেবে দেখান তিনি।
জয়ের মতে, '৭৫ ও '৮২ এর মতোই আবার কয়েকজন জেনারেল রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করতে চান। তার অভিযোগ, সাজানো মামলায় সাজা দিয়ে বর্তমান সরকার শেখ হাসিনাকে বন্দি করতে চায়। রায় আগেই ঠিক করা আছে। এসবের বিরুদ্ধে দেশে ও দেশের বাইরে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন জয়। একইসঙ্গে জানিয়েছেন, সময় হলেই দেশে ফিরবেন তিনি। শেখ হাসিনার গ্রেপ্তারের প্রতিবাদে বিবৃতি দেওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদও জানান জয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত ১৬ জুলাই গ্রেপ্তারের ঘন্টাখানেক পরই জয় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছিলেন। মায়ের গ্রেপ্তারে ক্ষোভ প্রকাশ করে তখন তিনি বলেছিলেন,"এই হামলা শুধু আমার মায়ের ওপর নয়, পুরো দেশের ওপর।" জয় বলেন, মা ও দেশের জন্য তিনি যা করার প্রয়োজন তাই করবেন। সমগ্র বিশ্বে এর বিরুদ্ধে প্রচার চালাবেন।
বৃহস্পতিবার এক টেলিফোন সাক্ষাৎকারে মায়ের গ্রেপ্তার এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন সজীব ওয়াজেদ জয়। সাক্ষাৎকারটি নিয়েছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সিনিয়র প্রতিবেদক সুমন মাহবুব।
বিস্তারিত সাক্ষাৎকার
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: আপনার মা শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছেন তিন দিন হলো, সার্বিক পরিস্থিতি নিয়ে এই মূহুর্তে আপনার ভাবনা কি?
জয়: মানসিক অবস্থা তো বুঝতেই পারছেন। আমরা এখন খুবই চিন্তিত আমার মায়ের শরীর নিয়ে। গোটা পরিস্থিতি নিয়ে। তবে আমার পরিবারে এর চেয়েও বড় অঘটন ঘটেছে পঁচাত্তরে। আমার মাকে এর আগেও সামরিক সরকার গ্রেপ্তার করেছিল। এতে আমরা অভ্যস্ত। এজন্য মন খারাপ করে বসে নেই। জেগে উঠেছি। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা যেভাবেই হোক লড়াই করবো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: আওয়ামী লীগ সভানেত্রীর গ্রেপ্তারের বিষয়টি বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে। এমনকি বিএনপি প্রধান খালেদা জিয়া পর্যন্ত এর বিপক্ষে সরব হয়েছেন। তা, এ গ্রেপ্তারের কারণ কী হতে পারে বলে আপনি মনে করেন?
জয়: এটা করা হয়েছে উনাকে চুপ করানোর জন্য। ডিজিএফআইয়ের বিরুদ্ধে কথা বলার কয়েক দিনের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ হাসিনা একজন সাধারণ নাগরিক নন, তিনি আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী। কোনও দেশেই সাবেক প্রধানমন্ত্রী বা সরকার প্রধানকে এভাবে গ্রেপ্তার করা হয় না। উনাকে গ্রেপ্তার করে কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। এমনকি আইনজীবীদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না। এসব করা হচ্ছে শুধু উনাকে চুপ করানোর জন্য।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: যুক্তরাষ্ট্রে অবস্থান করে আপনারা কিভাবে এর বিরুদ্ধে প্রচারণা চালাবেন?
জয়: আমাদের ক্যাম্পেইন প্রথম দিন থেকেই শুরু হয়ে গেছে। উনাকে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী আন্দোলন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ছাড়াও যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া এবং জাপানে প্রতিবাদ হয়েছে। প্রতিবাদ হয়েছে এসব দেশের বাংলাদেশ দূতাবাসের সামনে। আমরা বিভিন্ন দেশের সংসদ সদস্যদের সঙ্গে যোগাযোগ করছি। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ হচ্ছে। সারাবিশ্বের আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা কমপক্ষে এক সপ্তাহের জন্য দেশে বিদেশি মুদ্রা পাঠানো বন্ধ করে দিচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: বিদেশ থেকে টাকা পাঠানো বন্ধ করে দেওয়ার আহ্বান কি আপনি জানিয়েছেন?
জয়: না, ওরকম কিছু না। তারা নিজের ইচ্ছায় এটা করছেন বলে আমাকে জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা বিদেশ থেকে টাকা পাঠানো বন্ধ করলে কি দেশের ক্ষতি হবে না?
জয়: আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকার যেভাবে আমার মার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তার সবই আইন -বহির্ভূত পন্থায়। এখন তো আমাদের আইনগত কোনও উপায় নেই। কোনও উপায় না থাকায় আমরা যেভাবে পারছি, সেভাবেই প্রতিবাদ জানাচ্ছি। আমি খবর পাচ্ছি, দেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ। এখন যদি রাজনৈতিক বিরোধিতা শেষ করে দিয়ে কয়েকজন জেনারেল ও কয়েকজন অনির্বাচিত উপদেষ্টা ক্ষমতা কেড়ে নিতে থাকেন তাহলে তো দেশের আরো বেশি ক্ষতি হবে। এভাবে চললে তো দেশটা শেষ হয়ে যাবে। দ্রব্যমূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে, ব্যবসা-বাণিজ্য ও বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে। এভাবে তো দেশের আরও ক্ষতি হচ্ছে। এটা না ঠেকালে দেশ ৩০ বছর পিছিয়ে যাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: মাকে মুক্ত করার জন্য আপনি ব্যক্তিগতভাবে কী করছেন?
জয়: যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ও স্টেট ডিপার্টমেন্টের যাদের সঙ্গে আমার পরিচয় আছে এবং যে যেখানে আছে তাদের আসল ঘটনা জানাচ্ছি। সরকার যে বেআইনিভাবে পদক্ষেপ নিচ্ছে সে ব্যাপারে তাদের অবহিত করছি। এ ঘটনায় তারা খুবই চিন্তিত, খুবই উদ্বিগ্ন । আমরা সবদিক দিয়ে চাপ সৃষ্টি করতে চাচ্ছি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: দেশের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আপনার কি কোন ধরনের যোগাযোগ হয়েছে?
জয়: হ্যাঁ, হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: আপনারা কি দেশ ও বিদেশ থেকে একযোগে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাচ্ছেন?
জয়: অবশ্যই। সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন শুরু করে দিয়েছে। শেখ হাসিনার এ বিষয়টি নিয়ে শুধু দেশেই নয়, বিশ্বব্যাপী আওয়ামী পরিবারের নেতা-কর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধ। সবাই শেখ হাসিনাকে এ সরকারের হাত থেকে বাঁচাতে চায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: শেখ হাসিনার মুক্তি দাবি করে খালেদা জিয়া যে বিবৃতি দিয়েছেন, সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী?
জয়: উনি যে দাবি জানিয়েছেন সে জন্য আমি কৃতজ্ঞ এবং তাঁকে ধন্যবাদ জানাতে চাই। উনিও একজন সাবেক প্রধানমন্ত্রী। উনাকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে। আর কোনও দেশে সরকার প্রধানকে এভাবে অপমান করা হয় না।
আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। শুধু আমার মাকে রক্ষা করার জন্য নয়, দেশকে রক্ষা করার জন্য। '৭৫ ও '৮২ সালে যেভাবে ক্ষমতা দখল করা হয়েছিলো, এখন ঠিক সেভাবেই কয়েকজন জেনারেল আবার ক্ষমতা দখল করতে চাচ্ছেন। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। না হলে আমাদের দেশ আবার ৩০ বছর পিছিয়ে যাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: আপনি কি সহসাই দেশে ফিরবেন?
জয়: আমি উপযুক্ত সময়ে দেশে ফিরবো। আমার দেশে আমি অবশ্যই ফিরবো। কখন ফিরবো সে সিদ্ধান্ত এখনও নিইনি। খবরে দেখলাম, এ সরকার আমার বিরুদ্ধে মামলা দেবে। চার বছর বয়স থেকে দেশের বাইরে থাকি। দেখি, এ সরকার আমার বিরুদ্ধে কী মিথ্যা মামলা দেয়। আমি মামলার ভয় করি না। আন্দোলন চালিয়ে যাচ্ছি। আর যখন সময় হবে তখন আমি অবশ্যই দেশে ফিরবো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের জন্য বিদেশ থেকে আইনজীবী আনার কোনও পরিকল্পনা আছে?
জয়: হ্যাঁ, সে পরিকল্পনা আমরা করছি। আমার বিশ্বাস এটা করতে গেলে সরকার বাধা দেবে। এ সরকার চায় না আইনগতভাবে আমার মার বিচার হোক। তারা একটা সাজানো মামলায় সাজা দিয়ে তাকে জেলে রাখতে চায়। মামলার রায় কী হবে তা অনেক আগে থেকেই ঠিক করা আছে। আমরা চেষ্টা করে যাবো, দেখি কতদূর সফল হওয়া যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: কী রকম রায় ঠিক করা আছে বলে আপনার ধারণা ?
জয়: উনাকে কনভিক্ট (দোষী সাব্যস্ত) করা হবে। তারপর রায়ে কয়েক বছরের সাজা দেওয়া হবে যাতে তিনি আর নির্বাচনে অংশ নিতে না পারেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
জয়: আপনাকেও ধন্যবাদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএনএস/এমআই/এসকে/এমএইচবি/১৮২৯ ঘ.
bdnews24