ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেরে বাংলা এ কে ফজলুল হকের ছেলে ও আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী এ কে ফায়জুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
ফায়জুল হকের ছেলে এ কে ফাইয়াজুল হক রাজু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাবা বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে বাসা থেকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।''
এ কে ফায়জুল হক পিরোজপুরের বানারিপাড়া-স্বরূপকাঠি আসন থেকে তিনবার সাংসদ নির্বাচিত হন। এইচ এম এরশাদ ও শেখ হাসিনা সরকারের আমলে তিনি মন্ত্রিসভার সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের লাশ টিকাটুলীতে তার নিজের বাসায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা গুলশানের আজাদ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা এক বিবৃতিতে এ কে ফায়জুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/জেকে/এমএইচবি/২১০৬ ঘ.
bdnews24