২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ভোটার তালিকা আগস্টে

স্থানীয় নির্বাচনকে প্রধান্য দিয়ে আগামী মাসে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকার কাজ শুরু করবে নির্বাচন কমিশন। এরপর খুলনা সিটি করপোরেশনে চলবে ভোটার তালিকার কাজ। এ সময়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্রও সরবরাহ করবে কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 12:57 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্থানীয় নির্বাচনকে প্রধান্য দিয়ে আগামী মাসে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকার কাজ শুরু করবে নির্বাচন কমিশন। এরপর খুলনা সিটি করপোরেশনে চলবে ভোটার তালিকার কাজ। এ সময়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্রও সরবরাহ করবে কমিশন। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার বিকালে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, "রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনের মেয়াদ পার হয়ে গেছে। এই দুটি এলাকায় ভোটার তালিকা হয়ে গেলে আমরা সিটি করপোরেশন নির্বাচন করব। একইভাবে যেখানে ভোটার তালিকা হয়ে যাবে সেখানে পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন করা হবে। " কমিশনার জানান, গত রোববার প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা ঘোষিত নির্বাচনের কর্মপরিকল্পনা অনুসরণ করেই এগুচ্ছে কমিশন। সেটি অনুযায়ী আগামী বছর অক্টোবরের মধ্যে তৈরি হবে সারাদেশের ভোটার তালিকা। ওই বছর ডিসেম্বরের মধ্যে হবে সংসদ নির্বাচন। উপজেলা নির্বাচনও সংসদ নির্বাচনের কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হবে। কোন জেলায় কবে নাগাদ ভোটার তালিকা করা হবে তা আগামী আগস্টে প্রকাশ করা হবে বলে জানান সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এরই মধ্যে রাজশাহীতে ভোটার তালিকা তৈরির প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেছে । সেখানে তিন লাখেরও বেশি ভোটার রয়েছে। প্রায় একমাস ধরে দুশটি ইউনিট ভোটার তালিকা করবে। এতে প্রযুক্তিগত সহায়তা দেবে সেনাবাহিনী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/১৮৫২ ঘ.