ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে দলের সংস্কারপন্থী দুই নেতা আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদের দেখা করেছেন। তাদের মধ্যে আলোচনার পর জিল্লুর রহমান বলেছেন, এখন থেকে তারা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবেন।
সভাপতিমণ্ডলীর ওই দুই প্রভাশালী সদস্য বুধবার রাতে জিল্লুর রহমানের গুলশানের বাসায় গিয়ে তার সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর জিল্লুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই দুই নেতাকে আমি ডেকে পাঠালে তারা আমার বাসায় আসেন। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন এ সব কিছুরই অবসান হয়েছে। এখন থেকে আমরা এক সঙ্গে কাজ করব; ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে দলকে সামনে এগিয়ে নেবো।"
এ বিষয়ে জিজ্ঞেস করা হলে আব্দুর রাজ্জাক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি (জিল্লুর রহমান) ঠিকই বলেছেন। তোফায়েল আহমেদ এবং আমি জিল্লুর রহমানের বাসায় গিয়ে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেছি।"
তিনি দাবি করেন, জিল্লর রহমানসহ তাদের মধ্যে কোন ভুল বোঝাবুঝি নেই। তিনি বলেন, একটি টেলিভিশন চ্যানেল ও কয়েকটি পত্রিকায় তাদের ভুলভাবে ঊদ্ধৃত করে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এসইউএম/বিআর/এমএইচবি/১৮০০ ঘ.
bdnews24