ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার পুরনো ঢাকায় মিছিল করায় ১২ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। জরুরি ক্ষমতা বিধিমালা ভঙ্গের অভিযোগে এ মামলা করা হয়েছে। আসামিদের মধ্যে সোমবারই গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।
হাসিনাকে গ্রেপ্তারের পর পুরনো ঢাকায় সোমবার সকালে একটি মিছিল বের করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এ ঘটনায় কোতয়ালি থানার উপ-পরিদর্শক জালাল আহমেদ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ বিষয়ে কোতয়ালি থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে জরুরি অবস্থার মধ্যে মিছিল করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
এ মামলায় গ্রেপ্তার হওয়া চারজন হলেন- কনা বিশ্বাস, নাসিমা আহমেদ, পারুল আক্তার ও লাভলী সুলতানা মেসবাহ। এছাড়া শাহ আলম মুরাদ, সাইদা তারেক দিপ্তি, নাজমা আক্তার, আশরাফুন্নেসা মোশাররফ, ফজিলাতুন্নেসা ইন্দিরা, জোবায়দুল রাসেল, গোলাম সারোয়ার কবীর ও বজলুর রহমানকেও আসামি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/২২৪৫ ঘ.
bdnews24