২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতিবাদ, মুক্তি দাবি

শেখ হাসিনার গ্রেপ্তারের প্রতিবাদ করে তার মুক্তির দাবি জানিয়েছেন ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৮২ জন শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 03:53 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, ১৬ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার গ্রেপ্তারের প্রতিবাদ করে তার মুক্তির দাবি জানিয়েছেন ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৮২ জন শিক্ষক। সোমবার সন্ধ্যায় এক যুক্ত বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১ জন শিক্ষক বলেন, 'যথাশীঘ্র একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জাতীয় দাবি উত্থাপন করায় একদিকে শেখ হাসিনাসহ এ দাবির পক্ষের রাজনীতিবিদদের গ্রেপ্তারসহ নানা হয়রানি করা হচ্ছে। অন্যদিকে সরকার সমর্থক তথাকথিত সংস্কারপন্থীদের জরুরি অবস্থার মধ্যেও নতুন করে দল সাজানোসহ রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে দেওয়ার সরকারি নীতি আজ দেশবাসীর সামনে দিনের আলোর মত স্পষ্ট।' শেখ হাসিনাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরপরই শেখ হাসিনার গ্রেপ্তার দেশবাসীকে হতবাক ও স্তম্ভিত করেছে। নির্বাচনের রোডম্যাপ কোনো অদৃশ্য শক্তির ক্ষমতা দখলের রোডম্যাপে পরিণত হয় কি--না সে আশঙ্কা আজ বড় হয়ে দেখা দিয়েছে। অধ্যাপক ড. মো. হোসেন মনসুর স্বাক্ষরিত এই বিবৃতিতে আরও স্বাক্ষর করেন, অধ্যাপক একে আজাদ চৌধুরী, আরেফিন সিদ্দিক, ড. হারুন--অর--রশিদ. ড. শেখ আব্দুস ছালাম, আর আই এম আমিনুর রশিদ, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক সাদেকা হালিম প্রমুখ। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৩১ জন শিক্ষক এক বিবৃতিতে শেখ হাসিনার গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছেন। তারা বলেছেন, "দেশের প্রচলিত আইন অনুযায়ী কোন নাগরিক অপরাধী হলে তিনি গ্রেপ্তার হতে পারেন। কিন্তু শেখ হাসিনাকে গ্রেপ্তারের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মহড়ায় একটি অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়েছে। শেখ হাসিনা কোন নিষিদ্ধঘোষিত বা জঙ্গি সংগঠনের নেত্রী নন যে তাকে এভাবে নেওয়ার প্রয়োজন ছিল।" বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনার বিপক্ষে কোন কৌঁসুলি কোর্টে না দাঁড়ালেও আদালত তাকে জেলহাজতে পাঠাবার নির্দেশ দেন। এতে মনে হয় যে, আইন তার নিজস্ব গতিতে চলছে না। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন, অধ্যাপক আবদুস সোবহান, মুহম্মদ নূরুল্লাহ্, আনন্দকুমার সাহা, শাহ্ নওয়াজ আলী, মাহবুবর রহমান, ফায়েক-উজ্জামান, মলয় ভৌমিক, সুজিত সরকার, মোখলেসুর রহমান, মিজান উদ্দীন, মোজাফ্ফর হোসেন, এন্তাজুল এম হক, এসএমআবু বকর, জালাল উদ্দীন, শামসুদ্দীন ইলিয়াস, শেখ. নূরুল্লাহ, গোলাম কবীর, সরকার আলী আক্কাস, সৈয়দ সামসুদ্দিন আহমেদ, আব্দুল লতিফ, আবুল কাশেম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/পিসি/এমএইচবি/২১৪৭ ঘ.