ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার ভোরে তার ধানমণ্ডির বাসভবন সুধাসদন থেকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। সংসদ ভবন চত্বরের একটি বাড়িকে বিশেষ কারাগার ঘোষণা করে সেখানে রাখা হয়েছে তাকে।
সোমবার ভোর সাড়ে চারটার দিকে কয়েকশ নিরাপত্তা কর্মী সুধা সদন ঘিরে ফেলে। সকাল সাতটা ৩১ মিনিটে একটি গাঢ় নীল রঙের গাড়িতে করে সাবেক প্রধানমন্ত্রীকে মুখ্য মহানগর হাকিম আদালতে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল সাতটা ৪৯ মিনিটে হাকিম মোসাম্মৎ কামরুন্নাহারের ২২নম্বর আদালতে বঙ্গবন্ধু কন্যাকে হাজির করা হয়।
হাসিনার বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগের শুনানি শেষে আদলত হাসিনার জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেখান থেকে তাকে কড়া পাহারায় বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয়।
কারাগারে নেওয়ার আগে হাসিনা আদালতেই জানান, তার অনুপস্থিতিতে দলীয় প্রধানের দায়িত্ব পালন করবেন সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান।
এর আগে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনাকে বিশেষ কারাগারে রাখার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।"
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদকেও সংসদ ভবনের এই বিশেষ কারাগারে রাখা হয়েছিল।
আওয়ামী লীগ প্রধানকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাওয়ার পর পুরান ঢাকার ওই এলাকায় দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।
আদালত থেকে হাসিনাকে জাতীয় সংসদ ভবনের বিশেষ কারাগারে নেওয়ার পথে তার গাড়িবহর আটকে দেওয়ার চেষ্টা করেন নেতা-কর্মীরা। এ সময় আদালত এলাকাসহ আশপাশের কয়েকটি স্থানে হাজার হাজার মানুষ জমায়েত হয়। তাদের ঠেকাতে পুলিশ রাবার বুলেট ছুড়লে আহত হন বেশ কয়েকজন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলেও পুলিশের বাধার মুখে তারা ছত্রভঙ্গ হয়ে যান। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে হাসিনার গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ মিছিল করার খবর পাওয়া গেছে।
এদিকে হাসিনাকে গ্রেপ্তারের পর তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ব্যরিষ্টার মইনুল হোসেন টেলিফোনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি শুনেছি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে।"
সকালে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনাতয়নে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেন, "যত বড় দুর্নীতিবাজ হোক না কেন কেউই আইনের ঊর্ধ্বে নয়। প্রমাণ পেলে কোনো দুর্নীতিবাজকেই ছাড় দেওয়া হবে না।"
সরকার হাসিনার গ্রেপ্তারের বিষয়টিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দাবি করলেও রাজনৈতিক নেতাদের অনেকেরই ধারণা, এই গ্রেপ্তার যতটা আইনি তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক। শেখ হাসিনাকে দেশের রাজনৈতিক পরিমণ্ডল থেকে বিচ্ছিন্ন করে ফেলার পরিকল্পনা থেকেই তাকে গ্রেপ্তার করা হলো বলে মনে করেন আওয়ামী লীগের সমর্থক ও নেতাকর্মীরা।
দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এই গ্রেপ্তার প্রসঙ্গে বলেন, "মাইনাস টু' ফর্মুলা এই সরকারের মাথা থেকেই এসেছে। এরই অংশ হিসাবে দুই নেত্রীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে।"
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন,"শেখ হাসিনাকে গ্রেফতারের ঘটনা দুঃখজনক। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। উনাকে গ্রেপ্তার করার দরকার ছিল না। তিনি তো আর পালিয়ে যাচ্ছেন না। উনাকে গ্রেফতার না করেই মামলা চালানো যেতো।"
সকালে মায়ের গ্রেপ্তারের খবর পাওয়ার পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে হাসিনাপুত্র জয় টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''এ হামলা শুধু আমার মায়ের ওপর নয়, পুরো দেশের ওপর। একাত্তরের মতো শত্র"রা এবার দেশের ভেতর থেকে জেগে উঠেছে।"
এদিকে গ্রেপ্তারের আগ মহূর্তে দেশবাসীর উদ্দেশে নিজ হাতে লেখা চিঠিতে শেখ হাসিনা বলে যান, ''আমাকে সরকার গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। কোথায় জানি না। আমি আপনাদের গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই সারা জীবন সংগ্রাম করেছি। জীবনে কোনো অন্যায় করিনি। তারপরও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। উপরে আল্লাহ রাব্বুল আলামীন ও নিচে আপনারা দেশবাসী। আপনাদের ওপর আমার ভরসা।''
সুধাসদনে নিজের কক্ষে বসে এই চিঠিটি লিখে টেবিলের ওপর রেখে যান তিনি।
সোমবার ভোর, সুধাসদন
ভোরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সুধা সদন ঘিরে ফেললে হাসিনা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সিনিয়র প্রতিবেদক সুমন মাহবুবকে টেলিফোনে বলেন, "দেশবাসীকে বলতে পারি আমি কোনো অন্যায় করিনি। আওয়ামী লীগের ৫ বছর দেশে সুশাসন ছিল। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল। আমি সততার সঙ্গে দেশ চালিয়েছি। ব্যক্তিগতভাবে বলতে পারি আামি বা আমার পরিবারের কোনো সদস্য চাঁদাবাজি করেনি। গত ৫ বছরে জোট সরকার আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। তারা অনেক কিছু খুঁজেছে। কিন্তু কিছুই পায়নি। এরপরও কেন এভাবে আমাদের হয়রানি করা হবে।"
তিনি আরও বলেন, "আমাদের আন্দোলনের ফসল এই সরকার। কেন জনগণের অধিকার কেড়ে নেওয়া হবে।"
সোমবার ভোর ৪টা ৫৩ মিনিটে আওয়ামী লীগ সভানেত্রী যখন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সঙ্গে কথা বলছিলেন তখন বাইরে প্রবল বৃষ্টি। তার বাসা ঘিরে তখন পুলিশ, র্যাব আর নিরাপত্তাবাহিনীর অনেক সদস্য। সুধাসদনের ঢোকার সব পথ তারা বন্ধ করে দেয়। বেশ কিছু মহিলা পুলিশ সুধাসদনে ঢোকেন। সুধাসদনের সামনে অপেক্ষা করছিল একটি প্রিজন ভ্যান ও অ্যাম্বুলেন্স। চারপাশে ছিল পুলিশ ও র্যাবের প্রায় ৫০টি গাড়ি।
নিরাপত্তা বাহিনীর সদস্যদের অনেকের হাতে ছিল দড়ি ও প্লায়ার্স। কয়েকজন সদস্যের হাতে ছিল কুকর অজ্ঞান করার অষুধ নিক্ষেপক যন্ত্র। এ ব্যাপারে জানতে চাইলে একজন পুলিশ কর্মকর্তা বলেন, সুধাসদনের ভেতর বেশ কিছু কুকুর আছে। সেগুলোকে নিয়ন্ত্রণে আনতেই এই ব্যবস্থা রাখা হয়।
হাসিনা সঙ্গে ফোনে কথা বলার এক পর্যায়ে দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। কেউ একজন বলেন, ওরা চলে এসেছে। ওরা ভিতরে আসতে চায়।
তখন হাসিনা বলেন, "ওদেরকে বলো, আমি নামাজ পড়ে আসছি।"
এ সময় সুধা সদনের ভেতরে ছিলেন হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়া, ব্যক্তিগত কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর ইকবাল ও অবসরপ্রাপ্ত মেজর কিবরিয়া এবং বাসার কয়েকজন গৃহকর্মী ও গাড়ির চালক।
ভোর সাড়ে পাঁচটায় হাসিনার প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমদ সিদ্দিক ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউদ্দিন সুধাসদনের সামনে আসেন। কিন্তু তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। ভোর ৬টা ২৭ মিনিটে হাসিনার আরও চার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রবি, মেজর শোয়েব, মেজর মামুন ও মেজর মইন সুধা সদনের সামনে আসেন।
এরপরই সেখানে আসেন শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা খালিদ মাহমুদ চৌধুরী, ধানমণ্ডি থানা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মারুফা আক্তার পপি, মহিলা আওয়ামী লীগ নেত্রী রাজিয়া মোস্তফা, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজবাহুর রহমানসহ সুধা সদনের কর্মচারীরা।
এ সময়, স্থানীয় মহিলা আওয়ামী লীগের সদস্য আফরোজা বেগম বলেন, "সব কিছুর শুরুও আছে, শেষও আছে।"
শেখ হাসিনাকে নিয়ে যখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা বের হয়ে যাচ্ছিলেন তখন বাইরে দলের অনেককেই কাঁদতে দেখা যায়। পুলিশ তাদের কাঁদতে নিষেধ করলে আফরোজা বলেন, "আমাদের কি কাঁদতেও দেবেন না?"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী সাংবাদিক ফিরোজ আহম্মদ একটি গাড়ি থেকে হাসিনাকে সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়তে দেখেন। এ সময় তার মুখে ছিল হাসি।
শেখ হাসিনাকে আদালতে নিয়ে যাওয়ার সময় সুধা সদনের আশপাশের এলাকাসহ ধানমণ্ডি লেকের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। ভোরের আলো ফুটতে থাকায় প্রাতঃভ্রমণ আসা লোকজন নিরাপত্তা বাহিনীর এত সদস্য দেখে ফিরে যান। নিরাপত্তা বাহিনী কাউকেই রাস্তায় চলাচল করতে দেয়নি। পুরো এলাকা ছিল কার্যত অবরুদ্ধ।
আদালতে হাসিনা
শেখ হাসিনাকে আদলতে আনা হচ্ছে খবর পাওয়ার পর আইনজীবীরা পুরান ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির হতে থাকেন। কিন্তু বেশিরভাগ আইনজীবীকেই আদালত প্রাঙ্গণসহ মোছাম্মৎ কামরুন্নাহারের এজলাসে ঢুকতে বাধা দেওয়া হয়।
এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আইনজীবীদের ধস্তাধস্তি শুরু হয়। সাধারণ আইনজীবীরা ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে ঢুকতে না পেরে জনসন রোড ও কোর্ট হাউজ স্ট্রিটে অবস্থান নেন। এ সময় বিচারপ্রার্থীদেরও আদালতে ঢুকতে বাধা দেওয়া হয়। এমনকি বেশ কয়েকজন সাংবাদিককে আদালতের বারান্দা থেকে ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।
শেখ হাসিনাকে মূখ্য মহানগর হাকিম আদালতের দ্বিতীয় তলায় ২২ নম্বর আদালতে উপস্থিত করার পর এজলাসে তাকে চেয়ারে বসতে দেওয়া হয়। ৮টায় আইনজীবী সানজিদা খাতুন, ফজিলাতুন নেছা বাপ্পী ও কামরুল ইসলাম শেখ হাসিনার সঙ্গে কথা বলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক প্রকাশ বিশ্বাস আইনজীবীদের কাছে শেখ হাসিনাকে বলতে শোনেন- "আমাকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার জন্যই সরকার এসব মামলা দিচ্ছে।"
অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী এ সময় কাঁদতে থাকলে সাবেক বিরোধী দলীয় নেত্রী তাকে সাত্ত্বনা দিয়ে বলেন, ''তুই কাঁদছিস কেন? আমার মেয়েকে দেখতে যেতে দেওয়া হয়নি। আমি তো কাঁদছি না। ওরা আমাকে সাজা দিয়ে নির্বাচনে লড়তে দেবে না। এগুলো সব সাজানো মামলা।''
আদালতের এজলাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। পুলিশসহ কয়েকজন আইনজীবী ছাড়া আর কাউকে শেখ হাসিনার কাছে ভিড়তে দেওয়া হয়নি। হাসিনা আদালত কক্ষে প্রবেশের পর তাকে কাঠগড়ায় যেতে বলা হলে তিনি পুলিশকে বলেন, "এতো তাড়াতাড়ির কী আছে। আদালত তো শুরু হয়নি।"
শেখ হাসিনা পরে আইনজীবীদের চেয়ারে গিয়ে বসেন।
সকাল ৮টায় হাকিম মোসাম্মাৎ কামরুন্নাহারের আদালতে গত ১৩ জুন গুলশান থানায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলার শুনানি শুরু হয়। এ সময় শেখ হাসিনা কাঠগড়ায় দাঁড়িয়ে থাকেন।
রাষ্ট্রপক্ষে পুলিশের এডিসি প্রসিকিউশন মকবুল হোসেন শেখ হাসিনাকে গ্রেপ্তার দেখানোর প্রতিবেদন পড়ে শোনান। এতে বলা হয়, "শেখ হাসিনা ও ফজলুল করিম সেলিমকে আসামি করে ইস্ট কোস্ট ট্রেডিং কোম্পানির পরিচালক আজম কে চৌধুরী গত ১৩ জুন গুলশান থানায় ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫শ টাকা চাঁদাবাজির মামলা করেন।"
"মামলায় শেখ হাসিনা ২ নম্বর আসামি। তার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম চাঁদাবাজির ঘটনা স্বীকার করে শেখ হাসিনাকে জড়িয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।"
প্রতিবেদনে হাসিনার বিরুদ্ধে রিমান্ড না চেয়ে, কোনো আটকাদেশের প্রস্তাব না রেখে জেল হাজতে পাঠানোর আবেদন করা হয়।
হাসিনার পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, "গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এটি একটি সাজানো মামলা। এজাহারের কোথাও চাঁদা শব্দটি নেই। শেখ সেলিমকে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে।
অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, "স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শেখ সেলিম হাসিনাকে চাঁদার ভাগ দিয়েছেন এমন কথা বলেননি। এজাহারেও চাঁদা শব্দটি নেই। আমরা শেখ হাসিনার জামিন চাই। কারণ কারাগারে বঙ্গবন্ধুর খুনিরা আছে। ২১ আগস্ট গেনেড হামলার পর কেন্দ্রীয় কারাগারেও গ্রেনেড পাওয়া গিয়েছিল। তাই হাসিনা সেখানে নিরাপদে থাকবেন না।" অ্যাডভোকেট আবু সাঈদ সাগর বলেন, "দেশে এখন প্রকৃতপক্ষে সামরিক শাসন চলছে। হাসিনাকে আটক করে আদালতে নাট্যমঞ্চ করা হয়েছে।" হাকিমকে উদ্দেশ্য করে তিনি বলেন, "এত সকালে আপনাকে বিশেষভাবে আনা হয়েছে আদালতে। আপনি আমাদেরকে জামিন দিয়ে সাহায্য করুন।"
সাবেক আইমন্ত্রী আবদুল মতিন খসরু আদালতকে বলেন, "শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। হাসিনা চাইলে ৩ কোটি কেন, এক ঘণ্টার মধ্যে তিনশ কোটি টাকা তাকে দেওয়ার জন্য লোকজন অপেক্ষা করছে।"
হাকিমকে তিনি বলেন, "আপনার ক্ষমতাকে এ সরকার নির্লজ্জভাবে ব্যবহার করার চেষ্টা করছে। আপনাকে ভোররাতে বাসা থেকে তুলে নিয়ে আসা হয়েছে। পৃথিবীর কোথাও কি সকাল ৭টার সময় আদালত বসে? "
হাসিনার পক্ষে অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু খন্দকার আবদুল মান্নান, ফকির দেলোয়ার হোসেন শাহ আলম তালুকদারও জামিন শুনানিতে অংশ নেন।
আইনজীবীদের বক্তব্যে শেষ হলে শেখ হাসিনা সকাল সাড়ে ৯টায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেওয়া শুরু করেন। তিনি বলেন, "আমাকে ভোররাতে যখন তারা গ্রেপ্তার করতে আসেন তখন আমি গ্রেপ্তারি পরোয়ানা আছে কিনা জানতে চেয়েছিলাম। কিন্তু তা তারা দেখাতে পারেননি। এ মামলাটি যখন দায়ের হয় তখন আমি বিদেশে ছিলাম। আমার বিরুদ্ধে মার্ডার কেসের (পল্টন হত্যা মামলা) খবর জানলাম বিদেশ বসে। আমি মামলাগুলোর মুখোমুখি হব বল আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশে ফিরেছি।"
তিনি আরও বলেন, "আমি ইচ্ছে করলে বিদেশে থেকে যেতে পারতাম। কিন্তু তা করিনি। আমাকে নির্বাচনে অংশগ্রহণে অক্ষম করে দেওয়ার জন্য প্রহসনমূলকভাবে এ মামলা সাজানো হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা আরও হবে। রায়ও তারা নির্ধারিত করে রেখেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ ১৯বার আমার জীবননাশের চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিরা এখন কারাগারে। সেখানে আমার জীবন নিরাপদ নয়।"
শেখ হাসিনা সকাল ১০টা ০৮ মিনিট পর্যন্ত বক্তব্য রাখেন।
পরে জামিন আবেদন নাকচ করে আদালত হাসিনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবীরা জানান, তারা উচ্চ আদালতে এর বিরুদ্ধে আবেদন করবেন।
আদালতে উপস্থিত আওয়ামী লীগ নেত্রীর পরনে ছিল সাদা পোশাক।
আদালত থেকে শেখ হাসিনাকে সংসদ ভবনের বিশেষ কারাগারে নিয়ে যাওয়ার পথে রাস্তার মোড়ে মোড়ে ছিল পুলিশি পাহারা। সকাল ১০টা ৩৫ মিনিটে তাকে বহনকারী গাড়ি বহর বিশেষ কারাগারে পৌঁছায়।
পূর্ব কথা
দেশে জরুরি অবস্থা জারি হওয়ার কিছুদিন পর সন্তানসম্ভবা মেয়েকে দেখতে ১৫ মার্চ আমেরিকা যানশেখ হাসিনা। ঢাকা ছেড়ে যাওয়ার আগে হাসিনা বলে যান, আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় এলে তত্ত্বাবধায়ক সরকারের সব কাজের বৈধতা দেবে। এরপর ৭ এপ্রিল আমেরিকায় অবস্থানকালেই নির্বাচন অনুষ্ঠানে দেড় বছরের বেশি সময় লাগবে বলে নির্বাচন কমিশনের ঘোষণা শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান হাসিনা।
এরপর ৯ এপ্রিল হাসিনার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি বেসরকারি বিদ্যুৎ কোম্পানির চেয়ারম্যান তাজুল ইসলাম ফারুক ৩ কোটি টাকার চাঁদাবাজি মামলা দায়ের করেন।
পরে ১৩ জুন তেজগাঁও ও গুলশান থানায় দায়ের করা আরও দুটি মামলায় তার বিরুদ্ধে কয়েকটি বিদ্যুৎ প্রকল্প স্থাপনে অনুমতি দেওয়ার বিনিময়ে মোট ৮ কোটি টাকার চাঁদা নেওয়ার অভিযোগ আনা হয়।
তেজগাঁও থানায় মামলাটি করেন ২২ জানুয়ারির বাতিল হয়ে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী নূর আলী। মামলায় শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালউদ্দিন ও তার স্ত্রী রূপা চৌধুরীকেও আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রী থাকাকালে নারায়ণগঞ্জের হরিপুর, চট্টগ্রামের শিকলবাহা ও খুলনায় তিনটি বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দিতে শেখ হাসিনা বাদীর প্রতিষ্ঠান ফরচুন লিমিটেডের কাছ থেকে পাঁচ কোটি টাকা চাঁদা নিয়েছেন।
গুলশান থানায় মামলাটি করেন ব্যবসা প্রতিষ্ঠান ইস্ট-কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী। শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমকে এই মামলার প্রধান আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার জন্য শেখ সেলিম ২০০০ ও ২০০১ সালে বাদীর কাছ থেকে কয়েক দফায় মোট ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫শ' টাকা চাঁদা নেন। স্ট্যান্ডার্ড চাটার্ড ও সাউথ ইস্ট ব্যাংকের আটটি চেকের মাধ্যমে এই টাকা লেনদেন করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
এর দু'দিন পর গত বছর অক্টোবরে পল্টন এলাকায় শিবির কর্মী হত্যা মামলায় পুলিশ তাকে অভিযুক্ত করে। এসব ঘটনার পর আমেরিকা সফর সংক্ষিপ্ত করে ১৪ এপ্রিল দেশে ফেরার সিদ্ধান্ত নেন হাসিনা।
সে সময় যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন আওয়ামী লীগ সভানেত্রীকে তার নির্ধারিত সময়ে দেশে ফেরার অনুরোধ জানান। যোগাযোগ উপদেষ্টার অনুরোধের পর হাসিনা দেশে ফেরার তারিখ পরিবর্তন করেন। কিন্তু ১৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রেসনোটে জরুরি অবস্থা জারির জন্য হাসিনাকে অন্যতম দায়ী করে বলা হয়, আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।
এজন্য সরকার বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বলেও জানানো হয় প্রেসনোটে। দেশ--বিদেশের সংবাদ মাধ্যমগুলোতে এ বিষয়টিকে হাসিনার দেশে ফেরার ওপর সরকারি নিষেধাজ্ঞা হিসেবে উল্লেখ হয়।
এর পরদিনই শেখ হাসিনা যুক্তরাষ্ট্র থেকে লন্ডন আসেন। ২২ এপ্রিল দেশে ফিরতে চাইলে ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বোর্ডিং পাস না দিয়ে হিথ্রো বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের তীব্র সমালোচনা করেন। ভারতীয় দুটি বেসরকারি টেলিভিশনকে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, তিনি যে কোনও মূল্যে দেশে ফিরে আসবেন। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে তিনি দেশে-বিদেশে জনমত তৈরি করবেন।
লন্ডনে থাকাকালে শেখ হাসিনা বিবিসি, আল জাজিরাসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তার দেশে ফেরার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেও বক্তব্য দেন।
পরে অবশ্য বাংলাদেশ সরকার প্রেসনোট প্রত্যাহার নেয়।
লন্ডনে সে সময় রয়টার্সকে দেওয়া এক এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফেরার পর গ্রেপ্তার করা হলে কারাগারে যেতেও ভীত নন তিনি। যে কোনো মূল্যে তিনি দেশে ফিরবেন। শেখ হাসিনা বলেন, "তারা (সরকার) আমাকে গ্রেপ্তার করতে পারে, মেরে ফেলতে পারে। কিন্তু এ ব্যাপারে আমি মাথা ঘামাচ্ছি না। আমাকে দেশে ফিরতেই হবে।"
প্রায় ৯ কোটি টাকার চাঁদাবাজির মামলা এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগের মুখে দীর্ঘ ৫১ দিন বিদেশ সফর শেষে ৭ মে বাংলাদেশে পৌঁছেন শেখ হাসিনা। অন্তরীণ করে রাখা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমানবন্দরে শেখ হাসিনা বলেন, এর আগে আমাকে দেশে ফিরতে না দিয়ে সরকার ভুল করেছিল। আশা করছি এই ভুল তারা আবার করবে না। আমার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে সরকার শুভবুদ্ধির পরিচয় দিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/ইএইচবি/এএইচডি/এএনএস/পিবি/পিসি/এডি/এসএবি/জিএনএ/এসএনডি/জেকে/এমএইচবি/১৬৪০ ঘ.
bdnews24