ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পুরানা পল্টনের দুটি ব্যবসায়িক কার্যালয়ে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় সম্পর্কে খোঁজ খবর নিয়েছে পুলিশ।
শনিবার পুরানা পল্টনের ২/২ নম্বর ভবনটিতে অবস্থিত গয়েশ্বর রায়ের নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান এবং ওই এলাকায় অবস্থিত বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সেলিমের ব্যবসায়িক কার্যালয়ে যায় পুলিশ। তারা এই দুটি প্রতিষ্ঠানেরই কর্মকর্তাদের কাছে গয়েশ্বর চন্দ্র রায় আসেন কী না বা কখন আসেন এসব বিষয় জানতে চায়।
পুরানা পল্টনের ওই কার্যালয়ে গয়েশ্বর অনিয়মিতভাবে বসেন বলে কর্মচারীরা পুলিশকে জানিয়েছে। রাতে গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে টেলিফোনে যোগযোগ করা হলে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার ওই ব্যবসায়িক কার্যালয়ে কয়েকজন পুলিশ গিয়েছিল। আমার কর্মচারীরা জানিয়েছে, তাদের কাছে পুলিশ খোঁজ করেছে আমি এখানে বসি কী না।"
সিরাজুল ইসলাম সেলিমও রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তার পুরানা পল্টনের ক্রিডেন্ট প্যাকেজিং এর কার্যালয়ে পুলিশ এসেছিল বলে তিনি শুনেছেন। তিনি জানান, শনিবার সারাদিনই তিনি অফিসে যাননি। অসুস্থতার কারণে বাসায় ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এসএইচ/২২৩৩ ঘ.
bdnews24