ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দলের সংস্কারের বিষয়ে চেয়ারপারসন ও মহাসচিবের মধ্যে প্রক্রিয়াগত কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার দুপুরে গুলশানের বাসায় বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের বলেন, '' চেয়ারপারসন ও মহাসচিব দুজনই দলে সংস্কার চান। দলীয় কাউন্সিলে সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এ ক্ষেত্রে তাদের মধ্যে প্রক্রিয়াগত কোনো বিরোধ কিংবা দ্বিমত নেই।''
দলীয় সংস্কারের পক্ষে তাঁর অবস্থান ব্যাখ্যা করে যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বলেন, '' মহাসচিবের দেওয়া সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে অনেকগুলো আমি সমর্থন করি। আবার কিছু প্রস্তাব নিয়ে আমার ভিন্নমত রয়েছে। দলের চেয়ারপারসনেরও নিজের কিছু প্রস্তাব রয়েছে। এখানে তো তাদের মধ্যে কোনো মতভিন্নতা দেখি না।"
এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, বিএনপি একটি বড় দল। দলের নেতা-কর্মীরাও সময়ের প্রয়োজনে সংস্কার চান। দলে আরো গণতন্ত্র চর্চা হোক তা-ও চান। এখন সব রাজনৈতিক দলে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। আমি মনে করি, এই সংস্কার প্রস্তাব যদি দলকে পরিশুদ্ধ করতে নেতাদের মধ্যে আত্মউপলদ্ধি আনে, তা হবে দলের জন্য মঙ্গলজনক।
সাবেক প্রতিমন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় সংসদ, প্রশাসন, নির্বাচন কমিশন, দূর্নীতিদমন কমিশন, সরকারি কর্মকমিশন প্রভৃতি বিষয়ে মান্নান ভূঁইয়ার ঘোষিত সংস্কার প্রস্তাবের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, দেশকে শক্তিশালী ও আত্মনির্ভরশীল করতে হলে এই বিষয়ে সকল রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যমত হওয়া জরুরী। যাতে ভবিষ্যৎ সংসদে এ বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে বিল পাস করা যায়।
গয়েশ্বর এসব বিষয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারকে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসি/১৬২০ ঘ.
bdnews24