২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফালুর স্ত্রীর নামে হুলিয়া জারি, সম্পত্তি জব্দের নির্দেশ

আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা মামলায় মোসাদ্দেক আলী ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার সম্পত্তি জব্দ ও তাকে গ্রেপ্তার করতে হুলিয়া জারির নির্দেশ দিয়েছে আদালত। এর আগে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ঠিকানায় তাকে না পাওয়ায় এবং তিনি আত্মসমর্পণ না করায় এই হুলিয়া জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 04:26 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা মামলায় মোসাদ্দেক আলী ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার সম্পত্তি জব্দ ও তাকে গ্রেপ্তার করতে হুলিয়া জারির নির্দেশ দিয়েছে আদালত। এর আগে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ঠিকানায় তাকে না পাওয়ায় এবং তিনি আত্মসমর্পণ না করায় এই হুলিয়া জারি করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৬ জুলাই আদালতের নির্দেশ পালনের বিষয়ে সংশ্লিষ্ট থানাকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন তিনি। গত ৫ জুলাই একই বিচারক ফালুর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করে বুধবার এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বুধবার পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদনে আদালতকে জানানো হয়, মাহবুবা সুলতানা পরোয়ানায় উল্লেখ করা ৯৭ দ. শাহজাহানপুরের ঠিকানা থাকেন না। তিনি বুধবারের মধ্যে আত্মসমর্পণও করেননি। আদালত এ কারণে তার সম্পত্তি জব্দ ও তার বিরুদ্ধে হুলিয়া জারির নির্দেশ দেন। ১ কোটি ৫৮ লাখ ৫ হাজার ৭শ ৩৩ টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড এর উপকমিশনার মো. মাসুদুর রহমান গত ৫ জুলাই মাহবুবা সুলতানার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/২১৫৪ ঘ.