ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে কর ফাঁকির ও সম্পদের সঠিক হিসাব না দেওয়ার মামলা শেরে বাংলা নগরের ৪ নম্বর বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বুধবার সেখানে মামলা দুটির অভিযোগ গঠনের শুনানি হবে।
মঙ্গলবার দুপুরে ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক মামলা দুটি ওই আদালতে পাঠিয়ে দেন।
সম্পদের সঠিক হিসাব না দেওয়ার মামলায় মঙ্গলবার টুকুসহ তার স্ত্রী রুমানা মাহমুদ, মেয়ে সারাহ হাসিন মাহমুদ ও ছেলে আবেদ হাসান মাহমুদকে আদালতে হাজিরের পর বিচারক একই আদেশ দেন।
এ ছাড়া একই আদালতে দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. নাসিমকে হাজির করা হয়। অপর আসামি নাসিমের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু অসুস্থতার কারণে হাজির না হওয়ায় বিচারক আগামী ১৯ জুলাই অভিযোগ গঠন সংক্রান্ত শুনানির দিন ধার্য করেন।
দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো. আক্তার হোসেন বাদী হয়ে ২১ মার্চ ধানমন্ডি থানায় মামলাটি করেছিলেন।
এদিকে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে দায়ের করা শুল্ক ফাঁকি দিয়ে মদ রাখার মামলায় মঙ্গলবারও সাক্ষ্য নেওয়া হয়নি।
মওদুদের আইনজীবী মো. তাহেরুল ইসলাম হাইকোর্টের আদেশের অনুলিপি জমা দেওয়ার জন্য তিনদিনের সময় চাইলে ৩ নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক এ একে এম এনামুল হক ১২ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এর আগে সোমবার হাইকোর্ট এ মামলার বিচারকাজ তিন মাসের জন্য স্থগিত করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/২০৫৩ ঘ.
bdnews24