ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্ট সম্পর্কিত কাগজপত্র মঙ্গলবার দুর্নীতি দমন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের কাছে পাঠানো হয়েছে। ট্রাস্টের একজন সদস্য বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ খবরটি নিশ্চিত করেন।
টাস্কফোর্স গত সপ্তাহে এই ট্রাস্টের কার্যক্রম সম্পর্কিত তথ্য এবং আয়ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দিয়েছিল।
সূত্র জানায়, ওই চিঠি পাওয়ার পর গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাসহ স্মৃতি ট্রাস্টের অন্য সদস্যরা টাস্কফোর্সকে দেওয়ার জন্য একটি প্রতিবেদন তৈরি করেন।
এই ট্রাস্টের অধীনে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিচালনাসহ কয়েকটি সেবামূলক কাজ করা হয়। মঙ্গলবারও চট্টগ্রাম আবাহনী ক্লাবসহ কয়েকটি সংগঠন স্মৃতি জাদুঘরের জন্য ৩০ হাজার টাকা অনুদান দেয়। এদিন শেখ হাসিনা প্রায় সাত ঘন্টা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/বিআর/এমএইচবি/২০০০ ঘ.
bdnews24