২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার অভিযোগ উড়িয়ে দিলেন 'সংস্কারপন্থীরা'

সংস্কারের নামে দল ভাঙার ষড়যন্ত্র চলছে- খালেদা জিয়ার এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন বিএনপির সংস্কারপন্থী নেতারা। তাদের দাবি, দলকে আরও সংগঠিত ও গণতান্ত্রিক করার জন্যই তারা কাজ করছেন। দলের কাউন্সিলে এ বিষয়ে 'ভুল বোঝাবুঝির' অবসান হবে। বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার গুলশানে বাসায় সোমবার দুপুরে তার সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্কারপন্থী বলে পরিচিতি পাওয়া চৌধুরী কামাল ইবনে ইউসুফ, জেড এ খান ও অধ্যাপক রেজাউল করীম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 10:33 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সংস্কারের নামে দল ভাঙার ষড়যন্ত্র চলছে- খালেদা জিয়ার এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন বিএনপির সংস্কারপন্থী নেতারা। তাদের দাবি, দলকে আরও সংগঠিত ও গণতান্ত্রিক করার জন্যই তারা কাজ করছেন। দলের কাউন্সিলে এ বিষয়ে 'ভুল বোঝাবুঝির' অবসান হবে। বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার গুলশানে বাসায় সোমবার দুপুরে তার সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্কারপন্থী বলে পরিচিতি পাওয়া চৌধুরী কামাল ইবনে ইউসুফ, জেড এ খান ও অধ্যাপক রেজাউল করীম। রোববার নিউইর্য়কের জ্যাকসন হাইটসে প্রবাসী যুবদল নেতা-কর্মীদের সঙ্গে এক টেলি সংলাপে খালেদা জিয়া বলেছিলেন, "যারা অন্য দল থেকে বিএনপিতে এসেছে, তারা জরুরি অবস্থার মধ্যে সংস্কারের নামে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। মান্নান ভূঁইয়ার সংস্কার প্রস্তাব একান্তই তার ব্যক্তিগত বিষয়, এর সঙ্গে বিএনপির কোনো সর্ম্পক নেই।" সোমবার সকাল থেকে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার বিএনপির সাবেক সাংসদ ও নেতারা মান্নান ভূঁইয়ার সঙ্গে দেখা করেন। মহাসচিবের সঙ্গে আলোচনা শেষে বিএনপির সহ সভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাংবাদিকদের বলেন, "দল ভাঙার কোনো ষড়যন্ত্রের সঙ্গে আমরা নেই। আমরা বিএনপির ভেতরে অধিকতর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছি। এখানে ভাঙা-গড়ার প্রশ্ন অবান্তর।" বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জেড এ খান খালেদা জিয়ার টেলি সংলাপের অভিযোগের সঙ্গে ভিন্নমত পোষণ করে বলেন, "সংস্কার প্রস্তাব কারো ব্যক্তিগত নয়, এটি দলের অজস্র নেতা-কর্মীর চিন্তা-ভাবনার একটি খসড়া। বিএনপিকে ভাঙতে নয়, এক রাখতে আমরা কাজ করছি।" চেয়ারপারসনকে না জানিয়ে মহাসচিব সংস্কার প্রস্তাব ঘোষণা করেছেন কেন- এমন প্রশ্নের জবাবে জেড এ খান বলেন, "এটি ঠিক নয়। মহাসচিব সরাসরি যোগাযোগ না করলেও অন্য মাধ্যমে ম্যাডামকে সংস্কারের বিষয়গুলো জানিয়েছেন। আমিও ম্যাডামকে এ বিষয়গুলো জানিয়েছিলাম। আমাদের মাধ্যমেও চেয়ারপারসনের সঙ্গে মহাসচিবের যোগাযোগ হয়েছে।" তিনি পাল্টা অভিযোগ করেন, "যারা দল ভাঙার সন্দেহ করছেন, আমার তো মনে হয় তারাই বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে চান না।" সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করীম এ সময় বলেন, "দেশ ও দলকে সুস্থ রাজনৈতিক ধারায় ফিরিয়ে আনতে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। কাউন্সিল অনুষ্ঠিত হলেই সংস্কার প্রস্তাব নিয়ে সব ভুল বোঝাবুঝির অবসান হবে। সংস্কারের অর্থ দল ভাঙা নয়, বরং একে আরও শক্তিশালী করা।" সোমবার সাবেক সাংসদদের মধ্যে মাহমুদুল হাসান, নজির হোসেন, চৌধুরী আকমল ইবনে ইউসুফ, শাহ মো. আবু জাফর, আবু আব্বাস, ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন, আবদুল হাই, মাইনুদ্দিন ভূঁইয়া, গনেশ হাওলাদার, কার্তিক ঠাকুর, মাসুদ অরুন, প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আবুল কালাম, দেলোয়ার হোসেন খান দুলুসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলার বিএনপি নেতারা মান্নান ভূঁইয়ার সঙ্গে দেখা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/জিএনএ/১৬২০ ঘ.