২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় লবী দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন

দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সাংসদ আলী আসগর লবী ও তার স্ত্রী খুশনুদ আসগরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 03:33 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সাংসদ আলী আসগর লবী ও তার স্ত্রী খুশনুদ আসগরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। রোববার সন্ধ্যায় বিশেষ জজ আদালত-- ৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন এই দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী বুধবার মামলার সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেছেন। অভিযোগ গঠনের শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা লবী ও তার স্ত্রীকে নির্দোষ দাবী করে অভিযোগ থেকে তাদের অব্যাহতি দেওয়ার আবেদন জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধীতা করে বলেন, "আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। তারা পরস্পরের যোগসাজসে ক্ষমতার অপব্যাবহার করে অবৈধ সম্পত্তির মালিক হয়েছেন। এ অভিযোগে তাদের বিচার হওয়া প্রয়োজন।" গত ২১ মার্চ গুলশান থানায় দুর্নীতি দমন কমিশনের উপ--পরিচালক শিরিন পারভিন বাদি হয়ে লবী ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ কোটি ৬৯ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন এবং জানা আয়ের বাইরে ২৪ কোটি ৯৭ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন। গত ৫ জুলাই আয়কর ফাঁকির অভিযোগে আলী আসগর লবীকে ৮ বছর কারাদণ্ড এবং ২৫ লাখ টাকা জরিমানা করেছে একই আদালত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/২১২৩ ঘ.