ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি বলেছেন দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সংস্কার প্রস্তাব দলে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
শনিবার দুপুরে ধানন্ডিতে তাঁর ব্যবসায়িক কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন,''গণমাধ্যমে এই দলের মহাসচিব সংস্কার প্রস্তাব দিতে পারেন না। এটা অগঠনতান্ত্রিক। এর ফলে দল ক্ষতিগ্রস্থ হচ্ছে।''
তবে এরকম সংস্কার প্রস্তাব ঘোষণায় দলের ভেতরে ভুল-বুঝাবুঝি সৃষ্টি হলেও দল ভাঙবে না বলে মন্তব্য করেছেন তিনি।
ড. গনি বলেন, ''বিএনপির চেয়ারপার্সনসহ দলের নেতা-কর্মীরা সংস্কার চায়। তবে চেয়ারপার্সনকে বাদ দিয়ে দলে কোনো সংস্কার হতে পারে না। চুপে-চাপে কিছু করলে তা সংস্কার হয় না।''
তিনি বলেন, ঘরোয়া রাজনীতি শুরু হলে বিএনপি কাউন্সিল করে সংস্কার প্রস্তাব উত্থাপন করবে। ড. গনি সাংবাদিকদের জানান, মান্নান ভূঁইয়া সংস্কার প্রস্তাব ঘোষণার আগে তাঁকে কিছুই বলেননি।
প্রসঙ্গত, গত ২৩ জুন মান্নান ভূঁইয়া ড. আর এ গনির সঙ্গে তাঁর ধানমন্ডির বাসায় দেখা করতে গিয়েছিলেন। সেদিন ড. গনি সাংবাদিকদের বলেছিলেন, মহাসচিবকে আমি বলেছি, যা কিছু করতে হয়, চেয়ারপার্সনকে নিয়েই করতে হবে।
এদিকে আগের দিনের মতো শনিবারও গুলশানে বিএনপি মহাসচিবের বাসায় বরিশাল, বগুড়া, জয়পুরহাট, রাজশাহী, মানিকগঞ্জ ও কুমিল্লার সাবেক সাংসদ ও জেলা নেতারা সাক্ষাৎ করতে আসেন। তারা আগামী কাউন্সিল অধিবেশন নিয়ে মান্নান ভূঁইয়ার সঙ্গে কথা বলেন।
সাক্ষাতের পর সাবেক সাংসদ আবদুল আলীম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলের কাউন্সিলের জন্য তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আমরা সর্বত্র সংস্কারের পক্ষে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। প্রস্তুতি কাজ শেষ হলে মহাসচিব কাউন্সিল অধিবেশনের জন্য দলের চেয়ারপার্সনের সঙ্গে দেখা করবেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসি/১৭৩০ ঘ.
bdnews24