ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বিএনপি নেতা ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাজী মো. ফজলুল হক নামে এক ব্যক্তি বাদি হয়ে রাজধানীর পল্টন থানায় এ মামলা দায়ের করেন। তিনি সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্যপরিষদের নেতা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পল্টন থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারি উপ--পরিদর্শক জিয়াউর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সিএনজি অটোরিকশা বরাদ্দে প্রতারণার আশ্রয় এবং বিক্রয় করে অর্থ আত্মসাতের অভিযোগে ৪০৬ এবং ৪২০ ধারায় মামলা হয়েছে। বাদি রাজধানীর ৬৬ নয়াটোলা, মগবাজারের মৃত ইয়াছিন মুন্সির ছেলে মো. ফজলুল হক।
মামলার এজাহারের উদ্ধৃত করে তিনি বলেন, ২০০৩ সালের জানুয়ারি মাসে সরকার ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৫০ হাজারের বেশি দুই স্ট্রোক অটোরিকশা নিষিদ্ধ করে। সে সময় নতুন করে সিএনজি অটোরিকশা বরাদ্দের ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেওয়া হয়নি। তখন ২০০ জন ক্ষতিগ্রস্তের মধ্যে অটোরিকশা বরাদ্দের একটি প্রক্রিয়া চলার সময় তৈমুর আলম খন্দকার ৫০ জনের একটি ভুয়া ক্ষতিগ্রস্তের তালিকা জমা দেন। প্রভাব খাটিয়ে তিনি ওই ৫০ ভুয়া ক্ষতিগ্রস্তের নামে সিএনজি অটোরিকশা বরাদ্দও নেন। পরে তৈমুর আলম ওই সিএনজি অটোরিকশা বেশি দামে বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদউদ্দিন খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার তদন্ত শুরু হয়েছে। উপ--পরিদর্শক আরশেদ আলীকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০০২৬ ঘ.
bdnews24