ভোলা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন এবং ভোলা-২ আসনের সাবেক বিএনপি সাংসদ হাফিজ ইব্রাহিমের ভগ্নিপতি বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউপির চেয়ারম্যান ফজলুর রহমান বাচ্চু মোল্লাকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার ভোলা শহরের ওয়েস্টার্নপাড়ার বাসা থেকে তাকে আটক করা হয়।
বাচ্চু মোল্লার স্ত্রী খালেদা খানম জানান, দুপুরে যৌথবাহিনীর একটি দল বাসা থেকে তার স্বামীকে তুলে নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক যৌথবাহিনীর এক কর্মকর্তা জানান, বাচ্চু মোল্লার বিরুদ্ধে হত্যা ও ত্রাণের টিন আত্মসাতের অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাচ্চু মোল্লাকে ছেড়ে দেওয়া কিংবা থানায় হস্তান্তর কোনটিই করা হয়নি।
বাচ্চু মোল্লার শ্যালক গিয়াস উদ্দিন আল মামুনকে অবৈধ অস্ত্র রাখার দায়ে মঙ্গলবারই ১০ বছর কারাদণ্ড দেয় আদালত। এর আগে অপর একটি মামলায়ও তার তিন বছর কারাদণ্ডাদেশ হয়।
তার অপর শ্যালক বোরহান উদ্দিনের সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীমও যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৫৬ ঘ.
bdnews24