২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী তালুকদার খালেক জামিনে মুক্ত

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রাণ প্রতিমন্ত্রী তালুকদার আব্দুল খালেকসহ আট জন রোববার জামিনে মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 01:06 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রাণ প্রতিমন্ত্রী তালুকদার আব্দুল খালেকসহ আট জন রোববার জামিনে মুক্তি পেয়েছেন। অপরদিকে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজার রিমান্ডর আবেদন শুনানির দিন ধার্য হয়েছে সোমবার। খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি চিশতি সোহরাব মোমেন শিকদার জানান, রোববার তিনি ও সমিতির সাধারণ সম্পাদক আইয়ুব আলী শেখসহ অর্ধশতাধিক আইনজীবী মহানগর হাকিম শেফিনা বেগমের আদালতে সাবেক প্রতিমন্ত্রী তালুকদার আব্দুল খালেকসহ গ্রেপ্তারকৃত আট জনের জামিন আবেদন জানান। আদালত তদন্তকারী কর্মকর্তা জামিল হোসেন ও আইনজীবীদের বক্তব্য শোনার পর তাদের জামিন দেন। জামিনের আদেশ জেলখানায় পৌঁছানোর পর বেলা পৌনে তিনটায় তালুকদার খালেকসহ আট জনকে মুক্তি দেওয়া হয়। ২৮ জুন রাতে নগরীর ৯৫ গগন বাবু রোডে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হাসান রুমীর বাড়ি থেকে তালুকদার খালেকসহ আট জনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই রাতেই তাদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা করেন সদর থানার উপপরিদর্শক বিকাশ চন্দ্র শীল। সাহারুজ্জামান মোর্ত্তজার রিমান্ড আবেদনের শুনানি রোববার হওয়ার কথা থাকলেও আবেদনকারী পুলিশ কর্মকর্তা জামিল হোসেন আদালতে উপস্থিত না থাকায় শুনানি হয়নি। বিচারক আতিকুল হক সোমবার শুনানির দিন ধার্য করেন। ২৯ জুন সন্ধ্যায় নগরীর হাসপাতাল ঘাট এলাকার বাড়ি থেকে সাহারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। দুটি পাসপোর্ট রাখার অভিযোগে ওই রাতেই উপপরিদর্শক শিবু দত্ত বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। সাহারুজ্জামানকে শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৯ ঘ.