ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের শনিবার উপস্থাপন করা 'সংস্কার' প্রস্তাবকে দলের গঠণতন্ত্র বিরোধী বলে মন্তব্য করেছেন দলটির সভপতিমণ্ডলীর আরেক সদস্য মতিয়া চৌধুরী।
রোববার পুলিশি বাধার কারণে শেখ হাসিনার বাড়ি সুধা সদনে ঢুকতে ব্যর্থ হয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন,"এটা আব্দুর রাজ্জাকের নিজস্ব ভাবনা। রাজ্জাক সাংবাদিকদের নিজ বাড়িতে ডেকে নিয়ে এ কথা বলেছেন। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।"
শনিবার সাংবদিকদের সামনে উপস্থাপন করা এক প্রস্তাবে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক পর পর দুবারের বেশি কেউ দলের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে পারবেন না বলে মত দেন। প্রস্তাবটি তার ব্যক্তিগত বলেও দাবি করেন তিনি।
মতিয়া চৌধুরী সাংবাদিকদের বলেন,"রোববারসহ ১৭ দিনে ১৯ বার সুধা সদনে ঢুকতে চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি।"
এ পরিস্থিতিতে শেখ হাসিনা অবরুদ্ধ কিনা সরকারের কাছে এ প্রশ্ন রেখে মতিয়া চৌধুরী বলেন,এই ঘটনা স্বাধীনতা হরণ ও সংবিধান লংঘনের শামিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জিএনএ/১৪১৫ ঘ.
bdnews24