২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সক্রিয় রাজনীতি ছেড়ে দিলেন এরশাদ

স্ত্রীর বিদ্রোহের চারদিনের মাথায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে জাতীয় পার্টি পরিচালনার দায়িত্ব দিয়ে কার্যত রাজনৈতিক জীবনের ইতি টেনেছেন সাবেক একনায়ক হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদ শনিবার এক বিবৃতিতে চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেন। ওই বিবৃতিতে বলা হয়েছে, দলের পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত এরশাদই দলের চেয়ারম্যান থাকবেন। তবে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার স্বার্থে চেয়ারম্যানের সব দায়িত্ব পালন করবেন আনিসুল ইসলাম মাহমুদ। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2007, 01:55 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্ত্রীর বিদ্রোহের চারদিনের মাথায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে জাতীয় পার্টি পরিচালনার দায়িত্ব দিয়ে কার্যত রাজনৈতিক জীবনের ইতি টেনেছেন সাবেক একনায়ক হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদ শনিবার এক বিবৃতিতে চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেন। ওই বিবৃতিতে বলা হয়েছে, দলের পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত এরশাদই দলের চেয়ারম্যান থাকবেন। তবে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার স্বার্থে চেয়ারম্যানের সব দায়িত্ব পালন করবেন আনিসুল ইসলাম মাহমুদ। এছাড়া পরবর্তী কাউন্সিলে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন না বলেও জানিয়ে দিয়েছেন এরশাদ। (আরো তথ্যসহ-২) নিজের সরে দাঁড়ানোর ব্যাখ্যায় এরশাদ তার বিবৃতিতে বলেন, "সংস্কার প্রক্রিয়ার সঙ্গে পার্টি চেয়ারম্যানের ক্ষমতার বিষয়টিও জড়িত। আমি পার্টির সর্বময় ক্ষমতায় অধিষ্ঠিত থাকলে দলের সংস্কার বাস্তাবায়ন সমন্বয় কমিটির কাজ সুষ্ঠুভাবে পরিচালিত নাও হতে পারে। তাছাড়া মাঝে মধ্যে আমি দেশের বাইরে থাকার কারণেও দলের সাঙ্গঠনিক কার্যক্রম ব্যহত হয়।" "এসব বিবেচনা করেই দলের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের বিশেষ ক্ষমতায় সংস্কার বাস্তবায়ন সমন্বয় কমিটির আহ্বায়ক ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত করছি।" আনিসুল ইসলাম মাহমুদকে দলের দায়িত্ব দেওয়া প্রসঙ্গে এরশাদ আরো বলেন "ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ সম্পূর্ণ স্বাধীনভাবে সংস্কার প্রস্তাব তৈরি করে পার্টির প্রেসিডিয়ামে উত্থাপন করবেন। প্রেসিডিয়ামের অনুমোদন পাওয়ার পর জাতীয় কাউন্সিলে তা তোলা হবে। কাউন্সিলে পাশ হলেই তা পার্টির গঠনতন্ত্রে সংযোজিত হবে এবং সে অনুযায়ী পার্টি চলবে।" দায়িত্ব পাওয়ার পর আনিসুল ইসলাম মাহমুদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ''পার্টির চেয়ারম্যান এরশাদ সাহেব আজ আমাকে দল পরিচালনার দায়িত্ব দিয়ে বিরাট পদক্ষেপ নিয়েছেন। আমার প্রধান কাজ হবে দলকে পুনর্গঠন, দলীয় সংস্কার ও তৃণমূল পর্যায়ে দলকে আগামী নির্বাচনের জন্য প্রস্তত করা। আমরা কাউন্সিলের মাধ্যমে দলে আমূল সংস্কার আনবো।'' দলের নেতৃত্বে আর না থাকর বিষয়টি নিশ্চিত করে এরশাদ তার বিবৃতিতে বলেন, "আমি ঘোষণা করছি আগামী কাউন্সিলে আমি চেয়ারম্যান পদের জন্য প্রার্থী হবো না। কাউন্সিলে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।" "সাংগঠনের স্বার্থেই আমি নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করে যেতে চাই।" "এই পার্টিকে আমি সন্তানের মতো লালন পালন করেছি। সন্তানের মতোই আমি জাতীয় পার্টির মঙ্গলময় ভবিষ্যত কামনা করি। আমার অবর্তমানে জাতীয় পার্টি কেমনভাবে পরিচালিত হয় জীবদ্দশায় আমি তা দেখে যেতে চাই।" দলের চেয়ার‌্যমানের ক্ষমতা ছাড়ার পাশাপাশি রাজনীতিতেও আর সক্রিয় থাকছেন না এরশাদ। এ প্রসঙ্গে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, "এখনো এরশাদ সাহেব চেয়ারম্যান। তবে আগামী কাউন্সিলে তিনি দলের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তিনি তার জীবদ্দশায় নতুন নেতৃত্বের কাছে দলের দায়িত্ব দিয়ে রাজনীতি থেকে সরে যাবেন। আপাতত তিনি চেয়ারম্যান থাকলেও এখন থেকে আর রাজনীতিতে সক্রিয় থাকবেন না।" স্ত্রী রওশন এরশাদকে দায়িত্ব না দেওয়ার বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে এরশাদ বিবৃতিতে বলেছেন, "পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ ইতোমধ্যে বিতর্কে জড়িয়ে পড়েছেন। পরিবারতন্ত্রের প্রশ্নটিও এর সঙ্গে জড়িত। তাছাড়া দলের দ্বিতীয় জ্যেষ্ঠ সদস্য কাজী জাফর আহমদ অসুস্থ্য থাকায় তাদের কাউকে এই দায়িত্ব দেওয়া হলো না।" এর আগে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এরশাদের স্ত্রী জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সিনিয়র সদস্য রওশন এরশাদ নিজেকে দলের চেয়ারম্যান দাবি করে এরশাদকে দলের প্রধান উপদেষ্টা করার প্রস্তাব দেন। ওই দিনই তিনি জাপার ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে গোলাম মসিকে নিয়োগ দিয়ে দলের ১৩ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেন। এদিকে রাজনীতি থেকে এরশাদের কার্যত বিদায় প্রসঙ্গে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সহযাত্রী জাপা সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''এরশাদ রাজনীতি থেকে প্রস্থান করেছেন। তিনি সরে দাঁড়িয়েছেন।'' তিনি আরো বলেন, "যে ধারা বলে এরশাদ সাহেব নেতা পরিবর্তন করতেন, সেই একই ধারায় তিনি নিজেই তার রাজনীতির সমাপ্তি টানলেন।" ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আনিসুল ইসলাম মাহমুদকে মনোনয়ন দেওয়ায় এরশাদকে অভিনন্দন জানিয়ে কাজী ফিরোজ বলেন, ''এরশাদ আনিসুল ইসলামকে মনোনয়ন দিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কারণ, তিনি কোনো চিনিচোর বা চাঁদাবাজেরদের হাতে দলের দায়িত্ব দিয়ে যাননি।" ১৯৮৬ সালে জাতীয় পার্টি প্রতিষ্ঠার পর থেকে এরশাদ টানা ২১ বছর চেয়ারম্যান পদে অধিষ্ঠিত আছেন। এই সময়ের মধ্যে জাতীয় পার্টি পাঁচ দফা ভেঙেছে। এসব ঘটনায় মিজানুর রহমান চৌধুরী, নাজিউর রহমান মঞ্জুর, আনোয়ার হোসেন মঞ্জু দল থেকে বেরিয়ে যান। এর মধ্যে নাজিউর রহমান মঞ্জুর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি (জেপি) নামে দুটো আলাদা দল গড়েন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/জেকে/২০৫৬ ঘ.