ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিন এবং তার ছেলে মীর মো. হেলালউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় ঘোষণা করা হবে চার জুলাই।
বৃহস্পতিবার মামলার শুনানি শেষে সংসদ ভবনের বিশেষ জজ আদালত--২ এর বিচারক অমর কুমার রায় এই দিন ধার্য করেন।
গত ৬ মার্চ দুর্নীতি দমন কমিশনের উপ--পরিচালক শারমীন ফেরদৌসী বাদী হয়ে গুলশান থানায় মীর নাছির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পত্তি অর্জনের অভিযোগ এনে মামলা দায়ের করেন।
২৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপ--পরিচালক আবদুল্লাহ আল জাহিদ আসামীদের দেওয়া সম্পত্তির বিবরণীতে ৩ কোটি ২২ লাখ ১১ হাজার ৬শ ৩৭ টাকা সম্পত্তির কথা চেপে গেছেন বলে অভিযোগপত্র দেন।
এ মামলায় অভিযোগপত্রভূক্ত ২১ জনের মধ্যে ১৯ জন এবং অভিযোগপত্রের বাইরে আরও ১৩ জনসহ মোট ৩২জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরবি/জিএনএ/১৪০০ ঘ.
bdnews24