২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুদা দম্পতি ও এলিনা খানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, তার স্ত্রী সিগমা হুদা ও অ্যাডভোকেট এলিনা খানের বিরুদ্ধে মঙ্গলবার রাতে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 05:54 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, তার স্ত্রী সিগমা হুদা ও অ্যাডভোকেট এলিনা খানের বিরুদ্ধে মঙ্গলবার রাতে একটি মামলা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদার মো. ওহিদুর রহমান আজাদ বাদি হয়ে রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। মামলায় করা অভিযোগের বর্ণনা দিয়ে তেজগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা উপ--পরিদর্শক আতাউর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৩ সালে সে সময়ের যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা নিজের প্রতিষ্ঠিত 'বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা' নামে একটি বেসরকারি সংস্থার 'সম্মেলন কক্ষ' নির্মাণের জন্য তাকে ১০ লাখ টাকা চাঁদা দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক ২০০৩ সালের ফেব্র"য়ারি মাসের শেষ দিকে তিনি ১৫৩ মনিপুরি পাড়ায় ওই বেসরকারি সংস্থার কার্যালয়ে গিয়ে সংস্থার মহাসচিব সিগমা হুদা এবং নির্বাহী পরিচালক এলিনা খানের হাতে মোট পাঁচ লাখ ৫০ হাজার টাকা তুলে দেন। এরপর বিভিন্ন কারণে দাবিকৃত চাঁদার বাকি অংশ আর পরিশোধ করা হয়নি বলে বাদি এজাহারে উল্লেখ করেছেন। মামলার তদন্তকাজ শুরু হয়েছে বলে উপ--পরিদর্শক আতাউর রহমান জানান। প্রসঙ্গত দুর্নীতির মামলায় নাজমুল হুদা বর্তমানে কারাগারে আছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২৩৪৫ ঘ.