ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রেদোয়ান আহমেদকে বুধবার দুপুর তিনটার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে হাকিম শফিক আনোয়ার শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম আদালতে কাছে ১০ দিনের রিমান্ড চান।
রেদোয়ানের পক্ষের আইনজীবী আব্দুল্লাহ মাহমুদ হাসান ও এবিএম ওয়ালিউর রহমান খান আদালতকে জানান, রেদোয়ান আহমেদকে যেন দুই দিনের বেশি রিমান্ডে নেওয়া না হয়। রেদোয়ান আহমেদের হৃদযন্ত্রে কয়েকবার অপারেশন করা হয়েছে।
আদালতে পাঠানো রিমান্ড আবেদনে বলা হয়, অভিযুক্ত রেদোয়ান আহমেদ সাবেক জোট সরকারের আমলে প্রতিমন্ত্রী থাকার সময়ে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ এবং সম্পদ লুট করেন। এতে বিদেশে দেশের সুনাম নষ্টসহ জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তার এই কর্মকাণ্ডে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়। তিনি সরকার ঘোষিত শীর্ষ দুর্নীতিবাজদের একজন। দেশের শীর্ষ দুর্নীতিবাজদের সঙ্গে যোগসাজশে তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল বলে তথ্য পাওয়া যায়। রেদোয়ান বিপুল পরিমাণ সম্পদের উৎস ও শীর্ষ দুর্নীতিবাজদের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে তথ্য উদ্ধারের জন্য রিমান্ড প্রয়োজন।
রেদোয়ান আহমেদকে মঙ্গলবার রাতে দলের বৈঠক শেষে গুলশানে বাড়ি ফেরার পথে যৌথবাহিনী জরুরি ক্ষমতা বিধিমালায় আটক করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/জিএনএ/১৬১৫ ঘ.
bdnews24