ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব শিব শংকর মেননের সুধা সদনে সাক্ষাতের সময় সেখানে আওয়ামী লীগ নেতাদের ঢুকতে না দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন আওয়ামী সভানেত্রী।
শিব শংকর মেনন সুধাসদন ছেড়ে যাওয়ার পর হাসিনার ব্যক্তিগত সহকারি হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, "আমরা চেয়েছিলাম নেত্রীর সঙ্গে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের বৈঠকের সময় আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সব সদস্য উপস্থিত থাকুক। কিন্তু সবাইকে ভেতরে ঢুকতে না দেওয়ায় নেত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। এতে শুধু নেত্রীকে অপমান নয়, সারা দেশকে অপমান করা হয়েছে।"
বেলা পৌনে ১১টায় শিব শংকর মেনন সুধা সদনে আসেন। এসময় তার সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী উপস্থিত ছিলেন। দলের সভাপতি মন্ডলির সদস্য সাজেদা চৌধুরী ছাড়া আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সাজেদা চৌধুরী শেখ হাসিনার ফুফু পরিচয়ে ভেতরে ঢোকেন।
প্রায় ৪৫ মিনিট বৈঠক শেষে মেনন বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলে পুলিশ সাংবাদিকদের সরিয়ে দেয়।
হাসান মাহমুদ জানান, দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে ভারতের পররাষ্ট সচিবের সঙ্গে শেখ হাসিনার আলোচনা হয়েছে। ভবিষ্যতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে বজায় থাকে তা নিয়ে আলোচনা হয়েছে।
হাসান বলেন,"নেত্রীর সঙ্গে ভারতীয় পররাষ্ট্র সচিব একান্তে কিছু সময় কথা বলেছেন।"
পৌনে ১০টার দিকে মতিয়া চৌধুরী সুধা সদনে আসেন। এরপর আসেন দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান। পুলিশ তাদেরও ভেতরে ঢুকতে দেয়নি। সাড়ে ১০টায় যুগ্ম সম্পাদক মুকুল বোস এসে সুধা সদনে ঢুকতে চাইলে তাকে বাধা দেওয়ায় তিনি চলে যান।
মতিয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, "প্রতিবেশী রাষ্ট্রও দেখলো হাসিনাকে কিভাবে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। নূন্যতম সৌজন্যও দেখানো হয়নি।"
ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ থাকলেও সংস্কারের প্রয়োজনে কাউন্সিল করার দরকার হলে রাজনৈতিক দলগুলো সরকারের কাছে আবেদন করলে সরকার তা বিবেচনা করবে--মঙ্গলবার উপদেষ্টা এম এম মতিনের এই বক্তব্যে পরিপ্রেক্ষিতে মতিয়া চৌধুরী বলেন, রাজনীতি ছাড়া রাজনৈতিক দলের কাউন্সিল কিভাবে হয়। দলের কার্যনির্বাহী সিদ্ধান্ত ছাড়া তো কাউন্সিল হতে পারেনা। তিনি বলেন, ঘরোয়া রাজনীতির উপর ধেকে নিষেধাজ্ঞা তুলে ফেলা উাচিত।
সুধা সদনে ঢুকতে না দেওয়ার কারণ জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, তিনি কোন কথা বলতে রাজি নন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জিএনএ/১২৩০ঘ.
bdnews24