ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ষাটোর্ধ্ব কোন ব্যক্তিকে আওয়ামী লীগের নেতৃত্বে রাখতে চান না দলের সভানেত্রী শেখ হাসিনা। হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা হাসান মাহমুদ মঙ্গলবার সাংবাদিকদের একথা জানিয়েছেন।
সভানেত্রীর ঘনিষ্ঠ আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ প্রধান এধরণের চিন্তাভাবনাই করছেন। রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে সরকার, বিদেশি রাষ্ট্রদূত, গণমাধ্যম এবং বিভিন্ন রাজনীতিবিদের নানা ধরণের বক্তব্যের পটভূমিতে হাসিনা দলীয় নেতৃত্বে বয়সের সময়সীমা বেঁধে দেওয়ার মতো বড়ো ধরনের পরিবর্তন ভাবনার প্রকাশ ঘটালেন।
মঙ্গলবার দুপুরে শেখ হাসিনার সঙ্গে কথা বলে সুধা সদন থেকে বের হয়ে তার বিশেষ সহকারি হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, "ষাটোর্ধ সব নেতাই চলে যাবেন দলের উপদেষ্টা পরিষদে। তাদের কেউই আওয়ামী লীগের সভাপতি মন্ডলি ও কার্যনির্বাহী সংসদের সদস্য থাকতে পারবেন না। দলের সংস্কারের জন্য এরকম চিন্তাভাবনা করছেন শেখ হাসিনা।"
ঘরোয়া রাজনীতি শুরু হলে সভানেত্রী সবাইকে ডেকে আলোচনা শুরু করবেন বলে জানান তিনি।
তিনি বলেন, "আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে শেখ হাসিনা হল হ্নৎপিন্ড ও মস্তিস্কের মত। তাই তাকে বাদ দিয়ে কেউ সংস্কারের কথা ভাবেনা। যারা সংস্কারের কথা বলছেন তারাও মনে করেন হাসিনাকে বাদ দিয়ে দলের কোন সংস্কার হবেনা।"
সাংবাদিকদের কাছে দেওয়া হাসান মাহমুদের বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোরের সিনিয়র প্রতিবেদক সুমন মাহবুবকে বলেন," সভানেত্রী এরকমের চিন্তাভাবনাই করছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যনির্বাহী কমিটির বৈঠকেই হবে।"
হাসিনার ঘনিষ্ঠ একজন আওয়ামী লীগ নেতা নাম না প্রকাশ করার শর্তে বলেন," বয়সের কারণে কর্মক্ষমতার কথা মাথায় রেখে নেত্রী এরকমের চিন্তা করছেন।"
মঙ্গলবার সাংবাদিকদের হাসান মাহমুদ বঙ্গবন্ধু হত্যা মামলার মৃতদন্ডপ্রাপ্ত আসামী একে এম মহিউদ্দিনকে দেশে ফেরত পাঠানোয় যুক্তরাষ্ট্র সরকার ও প্রবাসীদের আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি বলেন বলেন, প্রবাসীদের জন্য তিনি কানাডায় রাজনৈতিক আশ্রয় পায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জিএনএ/১৫৩০ ঘ.
bdnews24